‘ইরানের ওপর চালানো অবৈধ হামলা আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি বাড়িয়েছে’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরানের ওপর চালানো ‘অবৈধ’ হামলাগুলো এ অঞ্চলে নিরাপত্তার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) তিনি এ মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
আন্টালিয়া ডিপ্লোমাসি ফোরামের বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক বৈঠকে এরদোয়ান এই মন্তব্য করেন।
তুরস্কের সরকার জানিয়েছে, যুদ্ধবিরতি বজায় রাখতে এবং স্থায়ী শান্তি নিশ্চিত করতে তুরস্ক তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। এ ছাড়া এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি আরও জোরদার করবে।
এ বিষয়ে এরদোয়ান জানান, বর্তমান সংঘাতময় পরিস্থিতির কারণে এ অঞ্চলে একটি নতুন এবং সুদৃঢ় আঞ্চলিক নিরাপত্তা কাঠামো প্রয়োজন। তুরস্ক এ বিষয়ে সংশ্রিষ্ট দেশগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা চালিয়ে যাবে।
বৈঠকে তিন দেশের নেতা পুরো অঞ্চলে টেকসই এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সম্ভাব্য যৌথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করেন।