২০টিরও বেশি ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের ২০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে বা সেগুলোকে সাগরে ডুবিয়ে দিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (৪ মার্চ) মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীন ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) হালনাগাদ তথ্যের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে ইরানি একটি যুদ্ধজাহাজ ডুবিয়েছে।
শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই জাহাজের ৩২ জনকে উদ্ধার করা হয়েছে এবং এক কর্মকর্তা বলেছেন, ‘আইরিস দেনা’ জাহাজে ৮৭ জনের মরদেহ পাওয়া গেছে।
ভাইস মার্শাল সাম্পাথ থুয়্যাকোন্থা জানান, আরও অনুসন্ধান চলছে। এই ঘটনায় কয়েক ডজন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
শ্রীলঙ্কান নৌবাহিনীর কমান্ডার বুধিকা সম্পথ এর আগে জানিয়েছিলেন, জাহাজের নথি অনুযায়ী জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইরানে ২ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইরান থেকে ছোড়া শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা।
ইরানের আকাশসীমার উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন ক্যারোলিন লিভিট। বলেন, ২০টি ইরানি নৌযান ধ্বংস করেছে আমেরিকা, যার মধ্যে শ্রীলঙ্কার উপকূলে ডুবে যাওয়া সাবমেরিনও রয়েছে।