ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮১১

এশিয়া পোস্ট ডেস্ক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮১১
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে তিন হাজার ৮১১ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭৪০ জন এবং গৃহহীন হয়ে পড়েছেন আরও ১৭ হাজার ৯০৭ জন নাগরিক।

দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ভয়াবহ দুর্যোগের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশের অর্থনীতি ও পুনর্গঠন প্রক্রিয়া সচল করতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভিটিভি-তে দেওয়া এক ভাষণে তিনি বলেন, বিশ্বজুড়ে ভেনেজুয়েলার বিপুল পরিমাণ সম্পদ ও তহবিল অবরুদ্ধ হয়ে আছে। এই অবরুদ্ধ অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হলে ভেনেজুয়েলা নিজের অর্থায়নেই দেশের এই বিশাল পুনর্গঠন কাজ সম্পূর্ণ করতে পারবে। একইসঙ্গে কর্মসংস্থান ও শিক্ষা খাতের কার্যক্রমও স্থবিরতা থেকে মুক্তি পাবে।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা ও মাদক পাচারের অভিযোগ এনে গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ভেনেজুয়েলার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।

তবে চলতি বছরের শুরুতে দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার পর ওয়াশিংটন ভেনেজুয়েলার তেল খাতের ওপর থেকে আংশিক নিষেধাজ্ঞা শিথিল করেছিল। ভূমিকম্পের পর মানবিক দিক বিবেচনা করে যুক্তরাষ্ট্র চার মাসের জন্য ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ সংক্রান্ত আর্থিক লেনদেনের ওপর থেকে আইনি নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে ডেলসি রদ্রিগেজ ব্রিটেনের ব্যাংক অব ইংল্যান্ডে আটকে থাকা ভেনেজুয়েলার প্রায় ৩১ টন সোনা অবরুদ্ধ দশা থেকে মুক্ত করতে ব্রিটেনের রাজা চার্লসের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধানের সঙ্গেও তহবিল ছাড়ের বিষয়ে তার আলোচনা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে থাকা ভেনেজুয়েলার এই বিশাল পরিমাণ স্বর্ণখণ্ড নিয়ে ব্রিটিশ আদালতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে।

সূত্র: রয়টার্স