logo

ওমানে ড্রোন ভূপাতিত, ২ শ্রমিক নিহত

ওমানে ড্রোন ভূপাতিত, ২ শ্রমিক নিহত

ইরানের যুদ্ধের মধ্যে টানা দুই সপ্তাহ ধরে আক্রান্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তু হচ্ছে দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি। ইরানি ড্রোনের তাণ্ডবে দিশেহারা মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে বিভিন্ন আবাসিক এলাকা, হোটেলে আশ্রয় নিচ্ছে। আর তাদের লক্ষ্য করে যাওয়া ড্রোনের হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক মানুষ।

শুক্রবার (১৩ মার্চ) একটি ড্রোন ভূপাতিত করার পর দুই প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ওমানের সোহারা প্রদেশের। রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আল-আওয়াহি শিল্প এলাকায় ড্রোনটি ভূপাতিত করা হয়। এ সময় সেখানে থাকা দুই প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। সংবাদ সংস্থাটি জানিয়েছে, সোহার প্রদেশে আরেকেটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে ওই দুই প্রবাসী শ্রমিকের পরিচয় বা নিহতের বিস্তারিত কারণ জানায়নি কর্তৃপক্ষ। এ ছাড়াও ড্রোনগুলো কোথা থেকে এসেছে সে বিষয়েও কিছু বলা হয়নি।

এর আগে, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম দিকের হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ ছাড়াও অন্তত ৪০ জন শীর্ষ নেতা ও কর্মকর্তা প্রাণ হারান। জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।