মার্কিন বাণিজ্যনীতির বিরুদ্ধে চীনের জোড়া তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্য প্রবেশে বাধা দিচ্ছে মার্কিন প্রশাসন, এমন অভিযোগ তুলে দুটি তদন্ত শুরু করেছে চীন। শুক্রবার (২৭ মার্চ) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় রয়টার্স। চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেকশন ৩০১ আইনের আওতায় চীনের বিরুদ্ধে যে দুটি তদন্ত চলছে, তার জবাবে এই পদক্ষেপ নিয়েছে বেইজিং।
২০২৫ সালের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের পর দুই দেশের বাণিজ্য যুদ্ধে কিছুটা বিরতি এসেছিল। এমনকি আগামী মে মাসে ট্রাম্পের বেইজিং সফরেরও কথা রয়েছে। সম্পর্ক উন্নয়নের চেষ্টার মধ্যেই নতুন করে এই তদন্তের খবর উত্তেজনা সৃষ্টি করতে পারে।
সংবাদমাধ্যম জানাচ্ছে, আগামী ছয় মাসের মধ্যে এই তদন্ত শেষ হওয়ার কথা রয়েছে। তবে প্রয়োজনে এই সময় আরও বাড়ানো হতে পারে। তদন্ত শেষে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চীন।
চলতি মাসের শুরুতে চীনসহ ১৬টি দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন ও ‘জোরপূর্বক শ্রম’ ব্যবহারের বিষয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছে চীন। সেকশন ৩০১ আইনের আওতায় চীনের বিরুদ্ধে যে দুটি তদন্ত চলছে, তারই জবাবে বেইজিং এই পদক্ষেপ নিয়েছে।
রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপগুলো নিয়েছে, বেইজিং তার বিরুদ্ধে সে অর্থে সরাসরি কোনো ব্যবস্থা না নিয়ে আপাতত তদন্তের পথ বেছে নিয়েছে।
গত ২৬ মার্চ ক্যামেরুনে বিশ্ব বাণিজ্য সংস্থার একটি সভায় চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও মার্কিন প্রতিনিধির কাছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে তিনি এও জানান, চীন এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখতে আগ্রহী।