প্রতি বছর দুটি যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা কিম জং উনের

নিজেদের সামরিক শক্তি আরও বাড়াতে প্রতি বছর দুটি করে শক্তিশালী যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আগামী পাঁচ বছর এ ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি জানান, নতুন এই যুদ্ধজাহাজগুলো হবে ৫ হাজার মেট্রিক টন ওজনের ‘চো হাইওন’ জাহাজের মতো বিশাল আকৃতির।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-এর বরাতে বুধবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
উত্তর কোরিয়ার নামফো বন্দরে নতুন বহুমুখী ডেস্ট্রয়ার ‘চো হাইওন’-এর আনুষ্ঠানিক নৌবাহিনীতে অন্তর্ভুক্তি উদযাপন করতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে কিম জং উন এই নির্দেশ দেন।

জানা গেছে, শক্তিশালী এই ডেস্ট্রয়ার গত ১৪ মাস ধরে বিভিন্ন সামরিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর এখন চূড়ান্ত অভিযানের জন্য প্রস্তুত। অনুষ্ঠানে কিম আরও জানান, উত্তর কোরিয়া খুব শিগগিরই ‘কাং কন’ নামে আরও একটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার এবং একই সঙ্গে ১০ হাজার টনের বিশাল যুদ্ধজাহাজ বহরে যুক্ত করার পরিকল্পনা করছে।
‘কাং কন’ জাহাজটি গত বছর পানিতে ভাসানোর সময় আংশিকভাবে উল্টে গিয়েছিল। পরে মেরামত করা হয়।
দীর্ঘদিন ধরে নৌবাহিনীকে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সবচেয়ে দুর্বল অংশ হিসেবে বিবেচনা করা হতো। তবে কিম জং-উনের দাবি, নতুন যুদ্ধজাহাজগুলো যুক্ত হওয়ার পর নৌবাহিনীর সক্ষমতা ‘কল্পনার বাইরে অবিশ্বাস্য পর্যায়ে’ পৌঁছাবে। দেশের সামগ্রিক সুরক্ষায় নৌবাহিনীর অবস্থান ও ভূমিকা এখন সম্পূর্ণ বদলে যাবে বলে তিনি ইঙ্গিত দেন।
দেশটির নৌবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে অত্যাধুনিক নৌঘাঁটি তৈরির ওপর বিশেষ জোর দিয়েছেন কিম। তিনি একে অত্যন্ত ‘জরুরি এবং অপরিহার্য’ কাজ হিসেবে বর্ণনা করেন। এ লক্ষ্য বাস্তবায়নে সোমবার (২২ জুন) ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে নতুন নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে।
এছাড়া, নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার প্রক্রিয়াটি নিজস্ব গতিতে এগিয়ে চলেছে এবং এটি দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করছে বলে জানান উত্তর কোরিয়ার এই নেতা।






