ইরানের আরও দুই গোয়েন্দাকে গ্রেপ্তার ইসরায়েলের

ইরানের হয়ে দেশের অভ্যন্তরে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। অনলাইনে ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার জন্য নিয়োগ প্রক্রিয়ার সঙ্গেও জড়িত বলে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন সাগি হায়েক (১৯) ও আসাফ শিতরিত (২১)। ২০২৫ সালে অন্তত ২৫ জনকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছিল।
সোমবার (২০ এপ্রিল) এসব তথ্য জানিয়েছে চ্যানেল ১২ ও জেরুজালেম পোস্ট।
ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেট ও পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট মেজর ক্রাইমস ইউনিট যৌথ বিবৃতিতে জানিয়েছে, নেস জিওনার বাসিন্দা সাগি হায়েক কয়েক মাস ধরে ইরানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিল। একজন ইরানি এজেন্টের নির্দেশনায় কাজ করার অভিযোগ গত মার্চ মাসে আটক করা হয়। সোমবার তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তার অভিযোগের তদন্তের সূত্রে ধরে অনুসন্ধানের সময় গ্রেপ্তার হন বেইত ওভেদের বাসিন্দা আসাফ শিতরিত। লডের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি গোয়েন্দা সংস্থা বা সংস্থার এজেন্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ করছেন। বিশেষ করে মেসেজিং প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম ব্যবহার করে অর্থের প্রলোভন দেখিয়ে তাদের গোয়েন্দা হিসেবে নিয়োগ দিচ্ছে।
পারিশ্রমিক পরিশোধ করা হয় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। বিনিময়ে ইসরায়েলের অভ্যন্তরে সামরিক বাহিনী, নথি, তেল আবিব ও জেরুজালেমের ছবি, ভিডিও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ইরানিদের কাছে পাচার করছেন তারা। ইরানিরা মূলত যুবক-যুবতীদের টার্গেট করছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে।
সাম্প্রতিক একটি মামলায় ইসরায়েলের পঞ্চম বৃহত্তম শহর রিশোন লেজিওনের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি অর্থের বিনিময়ে অনলাইন ‘প্রকল্পের’ মাধ্যমে প্রাথমিকভাবে আকৃষ্ট হয়ে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের বাড়ির বাইরের রাস্তার ভিডিও ধারণ করেছিলেন। সেই ভিডিও ইরানি গোয়েন্দাদের কাছে হস্তান্তরও করেছেন।
অন্য একটি মামলায়, নাজারেথের এক নারীর বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণের কাজ করার অভিযোগ আনা হয়। তাকে টেলিগ্রামে অর্থের বিনিময়ে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে স্বীকার করেছেন তিনি।
গত ফেব্রুয়ারিতে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে শিন বেট বলেছে, ২০২৫ সালে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৫ জন ইসরায়েলি ও বিদেশি বাসিন্দাকে অভিযুক্ত করা হয়েছে। ওই বছর ইরানের ১২০টি পৃথক গুপ্তচরবৃত্তির ঘটনা ব্যর্থ করে দেওয়া হয়েছে। সংস্থাটির দাবি, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ইসরায়েলিদের নিয়োগের প্রচেষ্টা ৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।