শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার মমতার প্রার্থীর, কংগ্রেসকে সমর্থন

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় প্রার্থী সঞ্চিতা প্রধান দে। এমন অবস্থায় তড়িঘড়ি সংবাদ সম্মেলন করে নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করা হবে বলে জানিয়েছেন মমতা।
পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ আসন শুভেন্দুর ছেড়ে আসা নন্দীগ্রাম আসনের উপনির্বাচনের লড়াই থেকেই সরে দাঁড়ালেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। এমন সময় সঞ্চিতা প্রার্থীবাদ প্রত্যাহার করেছেন যখন যখন মনোনয়ন পর্ব শেষ হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে ‘আশীর্বাদ’ চেয়েছিলেন সঞ্চিতা। ময়দানের পূর্ত দপ্তরের ছাউনিতে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির ভোট পরিচালক শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন তার স্বামীও। এরপরেই তীব্র জল্পনা শুরু হয়।
যদিও সঞ্চিতা সে সময় বলেছিলেন ‘শুভেন্দু নন্দীগ্রামের পুরোনো বিধায়ক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই তার কাছে এসে দেখা করেছেন,’ কিন্তু শুক্রবার বিকেলে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন।
নন্দীগ্রাম আসনে কালীঘাট শিবিরের প্রার্থী হিসেবে গত ১৩ সেপ্টেম্বর সঞ্চিতার নাম ঘোষণা হয়েছিল। অন্য দিকে ঋতব্রত শিবিরও এই কেন্দ্রে প্রার্থী করেছে মহম্মদ এতেশামুল হককে। ফলে একই দলের দুই গোষ্ঠীর দুই প্রার্থীকে ঘিরে নন্দীগ্রামের লড়াই এমনিতেই আলাদা মাত্রা পেয়েছিল।
এদিকে কালীঘাটের বাড়িতে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘নন্দীগ্রামে আমরা লড়ব না, সিস্টার পার্টি কংগ্রেসকে সমর্থন করছি। তাতে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা হবে।’ অর্থাৎ আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করছে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন মমতা।
নন্দীগ্রামে বিজেপি ইতিমধ্যেই প্রার্থী করেছে হাসিরানি রথকে। তিনি প্রয়াত চন্দ্রনাথ রথের মা। চন্দ্রনাথ ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী। ফলে নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপির প্রচারে আবেগের একটি মাত্রাও যুক্ত হয়েছে। তার মধ্যে কংগ্রেস প্রার্থীকে মমতার সমর্থন নন্দীগ্রামের ভোটকে আকর্ষণীয় করে তুলেছে। আপাতত ৬ অক্টোবরের ভোটকে সামনে রেখে প্রচার শুরু হয়েছে সব দলের তরফেই।

