logo

৬.৬৭ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র পাচ্ছে ইসরায়েল

৬.৬৭ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র পাচ্ছে ইসরায়েল

গাজা উপত্যকায় নাজুক যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় দখলদার ইসরায়েলের কাছে আরও বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ডলারের অঙ্গে তা ৬ দশমিক ৬৭ বিলিয়ন। এর আওতায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের ৩০টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারসহ সামরিক সরঞ্জাম সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই অনুমোদনকে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের দীর্ঘদিনের সামরিক ও রাজনৈতিক সমর্থনেরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলকে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারে ৩০টি অ্যাপাচি অ্যাটাকিং হেলিকপ্টার ও ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলারের পদাতিক আক্রমণকারী যানসহ মার্কিন তৈরি অস্ত্র কিনতে অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অনুমোদন দেয়।

এই অস্ত্র বিক্রি ইসরায়েলের জন্য প্রায় ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের নতুন একটি অস্ত্র প্যাকেজের অংশ। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরয়েলকে দৃঢ় সমর্থনের আশ্বাস দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের মতে, ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা জোরদার করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে আরও বলা হয়, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি সেই লক্ষ্য পূরণের অংশ। এই প্যাকেজে আরও রয়েছে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের যৌথ হালকা কৌশলগত যানবাহন। যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরবরাহ করে। এর বেশিরভাগই বিক্রি নয়, বরং সহায়তা হিসেবে দেওয়া হয়।

এএফপির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে ১ হাজার ২২১ জন ইসরায়েলি নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ। নিহতদের মধ্যে গাজায় বন্দি অবস্থায় মারা যাওয়া জিম্মিরাও রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই দিনের পর থেকে ইসরয়েলের সামরিক অভিযানে গাজা উপত্যকায় অন্তত ৭১ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।