logo

এবার মক্কা জোটে যোগ দিতে পারে ইরান!

এবার মক্কা জোটে যোগ দিতে পারে ইরান!
তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে হাস্যোজ্জ্বল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: আলজাজিরা

ত্রিদেশীয় প্রতিরক্ষা জোট ‘মক্কা চুক্তি’তে ইরানও যুক্ত হতে পারে সম্ভাবনার কথা জানিয়েছেন পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তিনি বলেন, চুক্তির তিন পক্ষের (সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক) রাজনৈতিক নেতৃত্ব চাইলে ইরানও এর অংশ হতে পারে।

সম্প্রতি একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন বলে শনিবার (৩১ অক্টোবর) জানিয়েছে আলজাজিরা।

মক্কা চুক্তিতে ইরান যোগ দিতে পারে কি না–এমন প্রশ্নের জবাবে জেনারেল চৌধুরী বলেন, ‘যাদেরই সম্মিলিত প্রতিরোধ ও আঞ্চলিক শান্তির বিষয়ে একই মনোভাব রয়েছে, তারা কেন নয়? সবাইকে স্বাগতম।’ তবে চূড়ান্ত সিদ্ধান্ত তিনটি মূল দেশের রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভর করে বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি মক্কা চুক্তির তিন দেশের প্রতিনিধিরা তেহরান সফর করেন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ও তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন সেখানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপর থেকেই মক্কা চুক্তিতে ইরানের যোগ দেওয়া নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। তবে ইরান এই চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে এখনও প্রকাশ্যে আগ্রহ প্রকাশ করেনি। এই চুক্তি স্বাক্ষরের পরপরই অবশ্য ইরানের একজন আইনপ্রণেতা বলেছিলেন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ‘কাগুজে চুক্তি’ সৌদি আরবকে নিরাপত্তা দেবে না।

এদিকে মক্কা চুক্তির আওতায় সৌদি আরবে আরও পাকিস্তানি সেনা পাঠানো হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে চৌধুরী বলেন, তা পরিস্থিতি এবং উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

তিনি পুনর্ব্যক্ত করেন, সৌদি আরব এবং পবিত্র মক্কা ও মদিনা নগরীর রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতের অংশ নই।’

এর আগে, গত ১২ আগস্ট মস্কোয় পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি ইরান ও মিশরকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। এর কিছুদিন পরেই এই চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তেহরান।