logo
Advertisement

২০০৯ সাল থেকে ইরানে হামলার তদবির করছিলেন নেতানিয়াহু

এশিয়া পোস্ট ডেস্ক
২০০৯ সাল থেকে ইরানে হামলার তদবির করছিলেন নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানে সামরিক হামলার জন্য ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের কাছে তদবির করছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক ও সাবেক প্রতিরক্ষা সচিব রবার্ট গেটস সম্প্রতি এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন।

Advertisement

আমেরিকান সংবাদমাধ্যম সিবিএসের ফেস দ্য নেশন নামক জনপ্রিয় টকশোতে অংশ নিয়ে রবার্ট গেটস ২০০৯ সালের জুলাই মাসের পুরোনো ঘটনার স্মৃতিচারণ করেছেন। সোমবার (১৮ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

রবার্ট গেটস সম্প্রতি জানান, ওই সময় নেতানিয়াহু তাকে সরাসরি বলেছিলেন, ইরানের রাজনৈতিক শাসনব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর ও দুর্বল।

নেতানিয়াহুর ধারণা ছিল, ইরানের ওপর একবার সামরিক আঘাত হলে দেশটির বর্তমান শাসনব্যবস্থা দ্রুত ভেঙে পড়বে।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান হিসেবে রবার্ট গেটস ওই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই সামরিক মূল্যায়নকে একেবারেই মেনে নেননি। বরং তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন।

গেটস নেতানিয়াহুকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন, তার (নেতানিয়াহুর) ধারণা সম্পূর্ণ ভ্রান্ত ছিল। একইসঙ্গে তিনি ইরানিদের সহ্যক্ষমতা ও ঘুরে দাঁড়ানোর শক্তি না ভেবে অবমূল্যায়ন করছেন।

ইরান সম্পর্কে নেতানিয়াহুর ভুল ধারণার ব্যাখ্যাও দিয়েছেন রবার্ট গেটস। তার মতে, নেতানিয়াহু এই বিষয়টিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইসরায়েলের অতীতের কিছু বিমান হামলার সঙ্গে তুলনা করেছেন। কারণ ওই সময় ইসরায়েলকে বড় কোনো প্রতিশোধের মুখে পড়তে হয়নি। এর উদাহরণ হিসেবে তিনি ১৯৮১ সালে ইরাকের ওসিয়াক পারমাণবিক চুল্লিতে ইসরায়েলি হামলা এবং ২০০৭ সালে সিরিয়ার একটি পারমাণবিক স্থাপনায় করা হামলার কথা উল্লেখ করেন।

গেটস ইঙ্গিত দেন, অতীতের এই দুটি সফল সামরিক অভিযানের কারণে নেতানিয়াহুর মনে এমন একরকম ভিত্তিহীন ধারণার জন্ম হয়েছিল। তিনি মনে করছিলেন, হামলা চালালে ইরানও হয়তো অন্য দেশগুলোর মতোই চুপচাপ থাকবে এবং কোনো পাল্টা জবাব দিতে পারবে না।