অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো পাখির শরীরে বার্ড ফ্লু শনাক্ত

অস্ট্রেলিয়ায় স্থানীয় সামুদ্রিক পাখির শরীরে প্রথমবারের মতো মারাত্মক ‘এইচ৫এন১’ বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। দেশটির কৃষিমন্ত্রী জুলি কলিন্স এই তথ্য নিশ্চিত করেছেন।
সাউথ অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর ‘রোব’-এ খুঁজে পাওয়া একটি ‘গ্রেটার ক্রেস্টেড টার্ন’ (এক ধরনের সামুদ্রিক চিল) পাখির শরীরে শুক্রবার (১০ জুলাই) ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত করেছে দেশটির জাতীয় বিজ্ঞান সংস্থা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার কোনো স্থানীয় সামুদ্রিক পাখির সংক্রমিত হওয়ার এটিই প্রথম ঘটনা। এর আগের সমস্ত আক্রান্ত পাখি ছিল মূলত পরিযায়ী সামুদ্রিক পাখি। শুক্রবার সাউথ অস্ট্রেলিয়ায় আরও দুটি এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় একটি সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২টিতে।
কৃষিমন্ত্রী কলিন্স এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তবে এটি অপ্রত্যাশিত ছিল না বলেও মন্তব্য করেছেন তিনি। তবে এখনও কোনো পাখির মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি। কিংবা হাঁস-মুরগি বা সামগ্রিক কৃষি খাতে এই ভাইরাস ছড়িয়ে পড়ারও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
কলিন্স বলেন, স্থানীয় এই সামুদ্রিক পাখি কীভাবে সংক্রমিত হলো, সেই সম্ভাব্য পথটি খুঁজে বের করতে আমাদের বিজ্ঞানীরা কাজ করছেন। তবে আমরা এটুকু জানি, এটি একটি উপকূলীয় পাখি। এটি এর আগে পজিটিভ হওয়া পরিযায়ী পাখিদের বিচরণক্ষেত্রের আশেপাশে অবস্থান করছিল।
গত জুন মাসে অস্ট্রেলিয়া শেষ মহাদেশ হিসেবে তাদের মূল ভূখণ্ডে প্রথম এইস৫এন১ সংক্রমণ নিশ্চিত করে। এর আগে ২০২৫ সালের শেষদিকে মূল ভূখণ্ড থেকে প্রায় ৪ হাজার ১০০ কিলোমিটার দূরে অবস্থিত সাব-অ্যান্টার্কটিক অঞ্চল হার্ড আইল্যান্ডে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল।




