১৪ মাসের শিশু জাহরার বাবার ছবি প্রকাশ

রাজধানী তেহরানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি এই জানাজায় ইমামতি করেন। তেহরানের গ্র্যান্ড মোসল্লায় অনুষ্ঠিত এ জানাজায় রেকর্ডসংখ্যক মানুষ অংশ নেন।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, প্রয়াত নেতার শেষবিদায়ের কর্মসূচির অংশ হিসেবে আজ তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনি, তার জামাতা মেসবাহ-উল-হোদা বাকেরি, বড় মেয়ে সাইয়্যেদাহ বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানির জানাজা একসঙ্গে সম্পন্ন হয়েছে।

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত শিশু জাহরা মোহাম্মদী গোলপায়েগানির কফিনের পাশে জানাজায় অংশ নেওয়ার সময় তার বাবার একটি আবেগঘন মুহূর্তের ছবি প্রকাশ করেছে ইরনা। ছবিতে নিহত শিশুকন্যার জানাজার সময় বাবার কান্নাকাতর ও শোকার্ত রূপ ধরা পড়ে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, তার নাম শেখ মোহাম্মদ জাভাদ গোলপায়েগানি। শিয়া ইসলামিক এই আলেম শহীদ আয়াতুল্লাহ খামেনির বড় মেয়ে সাইয়্যেদাহ বোশরা হোসেইনি খামেনির স্বামী ও ১৪ মাস বয়সী জাহরার বাবা।
প্রয়াত আলী খামেনির কার্যালয়ের প্রধান আয়াতুল্লাহ আবুল কাসেম মোহাম্মদী গোলপায়েগানির ছেলে। আবুল কাসেম মোহাম্মদী দেশটির সুপরিচিত ইসলামিক পণ্ডিত ও ইস্ফাহান প্রদেশের গোলপায়েগান শহরের জুমার নামাজের ইমাম ছিলেন বলে জানা গেছে।
এদিকে, প্রথম জানাজা সম্পন্ন হওয়ার পরপরই প্রথমবারের মতো আলী খামেনির জামাতা মেসবাহ-উল-হোদা বাকেরির একটি ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেসটিভি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছবিটি পোস্ট করা হয়।

প্রকাশিত ছবিতে তৎকালীন সর্বোচ্চ নেতা ও শ্বশুর আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘প্রথমবারের মতো প্রকাশিত ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ও তার শহীদ জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাকেরির একসঙ্গে তোলা একটি ছবি।’
ইরানি গণমাধ্যমের সূত্রমতে, ড. মেসবাহ-উল-হোদা বাকেরি ছিলেন আলী খামেনির দ্বিতীয় মেয়ে হোদা সাদাত খামেনির স্বামী। তিনি বিখ্যাত বাঘেরি কানি পরিবারের সন্তান এবং সুপরিচিত ইরানি কূটনীতিক ও রাজনীতিবিদ আলী বাকেরি কানির ভাই। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় খামেনি পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে তিনিও নিহত হন।
অন্য একটি ছবিতে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তার তিন ছেলেকে অংশ নিতে দেখা গেছে। তারা হলেন বড় ছেলে মোস্তফা খামেনি, তৃতীয় ছেলে মাসুদ খামেনি ও ছোট ছেলে মেসাম হোসেইনি খামেনি।
তবে পূর্বঘোষণা ও নিরাপত্তাজনিত কারণে সপ্তাহব্যাপী এই রাষ্ট্রীয় বিদায় কর্মসূচির কোনো আনুষ্ঠানিকতাতেই অংশ নেননি বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনির দ্বিতীয় ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনি।





