logo

এশিয়ার বাজারে কমলো তেলের দাম

এশিয়ার বাজারে কমলো তেলের দাম

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবরে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এশিয়ার বাজারে তেলের দাম কমেছে। আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। এতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। এ খবর জানিয়েছে বিবিসি।

বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮.৫০ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ১.২ শতাংশ কমে ৯৩.৬০ ডলারে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী থাকার পর শুক্রবার সকালে এশিয়ার প্রধান বাজারগুলো সামান্য নিম্নমুখী হয়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ০.৮ শতাংশ কমেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোস্পি ০.৩ শতাংশ হ্রাস পেয়েছে।

অন্যদিকে রয়টার্স জানিয়েছে, ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১.৩৪ ডলার বা ১.৩৫ শতাংশ কমে ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১.৬৫ ডলার বা ১.৭৪ শতাংশ কমে ৯৩.৪০ ডলারে দাঁড়িয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী ছিল জ্বালানি তেলের দাম। ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কিছুটা স্থিতাবস্থা ফিরে এলেও লেবাননের যুদ্ধ দাম প্রভাবিত করছিল। গতকাল লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তেলে দাম কমলো।