logo

নিউইয়র্কের বিমানবন্দরে বিমান ও গাড়ির সংঘর্ষ

নিউইয়র্কের বিমানবন্দরে বিমান ও গাড়ির সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় ভূমিতে থাকা একটি অগ্নিনির্বাপক গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) আমেরিকান সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, মন্ট্রিয়ল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি সিআরজে-৯০০ উড়োজাহাজ অবতরণের সময় রানওয়েতে থাকা একটি গ্রাউন্ড ভেহিকেলের সঙ্গে ধাক্কা খায়।

সংঘর্ষের সময় বিমানটির গতি ছিল ঘণ্টায় প্রায় ৩৯ কিলোমিটার। উড়োজাহাজটি পরিচালনা করছিল জ্যাজ অ্যাভিয়েশন, যা এয়ার কানাডার আঞ্চলিক অংশীদার।
ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) লা গার্ডিয়া বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। প্রাথমিকভাবে নির্দিষ্ট সময় পর্যন্ত এই ‘গ্রাউন্ড স্টপ’ জারি করা হলেও তা বাড়ানোর সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

বিমানবন্দরের তথ্য অনুযায়ী, আগত বেশ কিছু ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে বা তাদের যাত্রা শুরুর স্থানেই ফেরত পাঠানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে বিমানটির সামনের অংশে ক্ষতির চিত্র দেখা গেছে বলে দাবি করা হলেও তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রানওয়েতে বিমান ও যানবাহনের সংঘর্ষের ঘটনায় তারা সাড়া দিয়েছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এয়ার কানাডা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও ঘটনার বিস্তারিত বিষয়ে এখনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্র: রয়টার্স