পাসপোর্ট পেতে ৮৪.৪ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয়

৮৪ দশমিক ৪ শতাংশ মানুষকে পাসপোর্ট পেতে ঘুষ দিতে হয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জানিয়েছে, দেশের মানুষের সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে পাসপোর্ট অফিসে।
বৃহস্পতিবার (২৫ জুন) ধানমন্ডিতে টিআইব কার্যালয়ে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ এর অক্টোবর পর্যন্ত সময়ে সেবা খাতে জরিপ চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিআরটিএ-তে ৭৯ শতাংশ সেবাগ্রহীতা, বিচার সংশ্লিষ্ট সেবায় ৭১ শতাংশ মানুষ এবং ভূমি সেবা পেতে ৬৬.৩ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয়েছে।
জরিপে উঠে এসেছে, পাসপোর্ট, বিআরটিএ, বিচার-সংশ্লিষ্ট সেবা, আইনশৃঙ্খলা ও ভূমি—এই পাঁচ সংস্থায় সেবা নিতে মানুষকে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে। এগুলো সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত। সর্বোচ্চ গড় ঘুষ গ্রহণকারী হিসেবে উঠে এসেছে পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনী, কৃষি ও ভূমি সেবা খাত।
প্রতিবেদন অনুযায়ী, পাসপোর্ট সেবায় ঘুষের শিকার হওয়া খানার হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ৭৬ দশমিক ৬ শতাংশ। ভৌগোলিক অবস্থানভেদে এই হার গ্রামাঞ্চলে ৭৯ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ।
সার্বিকভাবে দেশের ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি খাতে ঘুষের শিকার হয়েছে বলে টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়।






