জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহিষ্কারের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনি এলাকা শ্যামনগরে সাধারণ মানুষ ও উৎসুক জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
বুধবার (২২ জুলাই) বিকেলে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় জামায়াতে ইসলামী।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বহিষ্কারের খবর শ্যামনগরে পৌঁছালে সদরের বিভিন্ন স্থানে স্থানীয় লোকজনকে আনন্দ প্রকাশ ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়। সাধারণ মানুষের একাংশের মতে, কেবল দলীয় বহিষ্কারই যথেষ্ট নয়; ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
ঘটনার প্রতিক্রিয়ায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির বলেন, নৈতিকতার প্রশ্নে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করায় জামায়াতকে ধন্যবাদ জানাই। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, বিষয়ের পূর্ণাঙ্গ তদন্ত করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন; সেই অবস্থান থেকে দল সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এ ঘটনায় দলের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ন হলেও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সে মর্যাদা পুনরুদ্ধার সম্ভব হবে।
এর আগে, গত ২০ জুলাই রাতে গাজী নজরুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরদিন ২১ জুলাই জামায়াতে ইসলামী এক বিবৃতিতে ঘটনার সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় তদন্ত শেষে বুধবার তাকে দল থেকে বহিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
.png)






