২৬ চেকে অঙ্ক বদলে অর্ধকোটি টাকা আত্মসাৎ, তিন কর্মচারী গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
২৬ চেকে অঙ্ক বদলে অর্ধকোটি টাকা আত্মসাৎ, তিন কর্মচারী গ্রেপ্তার
ফুলগাজী থানা। ছবি : এশিয়া পোস্ট

ফেনীর ফুলগাছীতে চেক জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব খাতের ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা পরিষদের তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে মামলার পর তাদের গ্রেপ্তার করা হয় এবং দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা পরিষদের উচ্চমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পার্থসারথি পাল, অফিস সহায়ক মো. ফিরোজ ও নূর ইসলাম।

ফুলগাজী উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব খাতের টাকা উত্তোলনের জন্য ২৬টি চেক দিয়ে ওই তিন কর্মচারীকে সোনালী ব্যাংক ফুলগাজী শাখায় পাঠানো হয়। তারা মূল চেকে উল্লিখিত টাকার অঙ্কের আগে ও পরে অতিরিক্ত সংখ্যা বসিয়ে মোট ৫১ লাখ টাকা অতিরিক্ত উত্তোলন করে আত্মসাৎ করেন। পরে অডিট ও অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি জানাজানি হয়।

এরই জের ধরে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর আবদুল হালিম চৌধুরী সুজন বাদী হয়ে ফুলগাজী থানায় ওই তিনজনকে আসামি করে একটি জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করেন।

মামলার বাদী আবদুল হালিম চৌধুরী সুজন এশিয়া পোস্টকে জানান, ২৬টি চেকে বরাদ্দকৃত প্রকৃত টাকার অঙ্কের আগে-পিছে অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে বাড়তি ফিগার বসিয়ে মোট ৫১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। দালিলিক প্রমাণ পাওয়ার পরই এই মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এশিয়া পোস্টকে বলেন, চেক জালিয়াতি করে সরকারি রাজস্ব খাতের ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এজাহারনামীয় তিন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয় :ফেনী