এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

এশিয়া পোস্ট নিউজ
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এলো বড় এক সুখবর। দ্বিতীয় ধাপে বৃদ্ধি পেয়ে শিক্ষকদের মূল বেতনের ১৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা আজ বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরে প্রথম ধাপে সাড়ে ৭ শতাংশ বাস্তবায়ন হওয়ার পর চলতি অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছর থেকে আরও সাড়ে ৭ শতাংশ কার্যকর শুরু হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি মীমাংসিত। এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা মাউশি ইএমআইএস সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন বলেন, সরকারের পূর্বের সিদ্ধান্ত ও নীতিগত রূপরেখা মোতাবেক এ মাস থেকেই শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন।

অর্থ মন্ত্রণালয় গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করতে সম্মতি দেয়।

ওইদিন মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা পূর্বের সাড়ে ৭ শতাংশের সঙ্গে অতিরিক্ত আরও সাড়ে ৭ শতাংশ যোগ হয়ে মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে নির্ধারণ করা হলো (সর্বনিম্ন ২০০০ টাকা)। অর্থ মন্ত্রণালয়ের সেই চিঠি আজ থেকে কার্যকর শুরু হলো।