বর্ষাকালে কোন কোন সবজি খেলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

বর্ষাকাল মানেই বৃষ্টি, শীতল আবহাওয়া আর নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন। তবে এই সময় শুধু বাইরের খাবার নয়, কিছু সবজি খাওয়ার ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ব্যাকটেরিয়া, ছত্রাক ও নানা ধরনের জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে কিছু সবজি সহজেই দূষিত হতে পারে। ভালোভাবে পরিষ্কার বা রান্না না করে খেলে ফুড পয়জনিং, ডায়রিয়া, পেটের সংক্রমণসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
তবে এর অর্থ এই নয় যে এসব সবজি একেবারেই খাওয়া যাবে না। বরং সঠিকভাবে ধুয়ে, পরিষ্কার করে এবং ভালোভাবে রান্না করে খেলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
সবুজ শাক
পালং শাক, লাল শাক, মেথি শাক, লেটুস বা অন্যান্য পাতাযুক্ত শাকে বর্ষাকালে সহজেই ময়লা, জীবাণু ও ছোট পোকামাকড় লেগে থাকতে পারে। বৃষ্টির কারণে মাটির জীবাণুও এসব শাকে বেশি জমে। তাই কাঁচা সালাদ হিসেবে না খেয়ে ভালোভাবে ধুয়ে রান্না করে খাওয়াই নিরাপদ।
ফুলকপি ও ব্রোকলি
ফুলকপি ও ব্রোকলির ভাঁজের মধ্যে পানি, ময়লা ও জীবাণু আটকে থাকতে পারে। বর্ষাকালে এগুলোতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি তুলনামূলক বেশি হওয়ার আশঙ্কা থাকে। রান্নার আগে লবণ বা ভিনেগার মিশ্রিত পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত।
বেগুন
বেগুন বর্ষাকালে দ্রুত নষ্ট হওয়ার প্রবণতা থাকে। পাশাপাশি এতে পোকামাকড়ের আক্রমণও বেশি দেখা যায়। তাই কেনার সময় ভালোভাবে দেখে তাজা বেগুন কিনুন। রান্নার আগে ভেতরে কোনো পোকা বা পচন আছে কি না, তা পরীক্ষা করে নেওয়া ভালো।
বাঁধাকপি
বাঁধাকপির পাতাগুলো একটির ওপর আরেকটি থাকায় ভেতরে ময়লা, পোকা বা জীবাণু লুকিয়ে থাকতে পারে। বর্ষাকালে এটি আরও বেশি দেখা যায়। রান্নার আগে বাইরের কয়েকটি পাতা ফেলে দিয়ে ভেতরের অংশ ভালোভাবে ধুয়ে ব্যবহার করুন।
মাশরুম
মাশরুম আর্দ্র পরিবেশে দ্রুত নষ্ট হতে পারে। ঠিকমতো সংরক্ষণ না করলে এতে ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই বর্ষাকালে মাশরুম কিনলে অবশ্যই তাজা কিনতে হবে এবং যত দ্রুত সম্ভব রান্না করে খেয়ে ফেলা উচিত।
মূলজাতীয় সবজি
গাজর, মূলা, শালগম বা বিটের মতো মূলজাতীয় সবজি মাটির নিচে জন্মায়। বর্ষাকালে মাটিতে আর্দ্রতা বেড়ে যাওয়ায় এসব সবজির গায়ে বেশি মাটি ও জীবাণু লেগে থাকতে পারে। তাই ভালোভাবে ঘষে ধুয়ে তারপর রান্না করা জরুরি।
ধনেপাতা ও পুদিনাপাতা
ধনেপাতা ও পুদিনাপাতা অনেকেই কাঁচা খেয়ে থাকেন। কিন্তু বর্ষাকালে এগুলোর পাতায় জীবাণু ও পরজীবী থাকার ঝুঁকি বেড়ে যায়। তাই ভালোভাবে কয়েকবার ধুয়ে নেওয়ার পর ব্যবহার করা উচিত।
বর্ষাকালে সবজি খাওয়ার সময় যেসব বিষয় মনে রাখবেন
- সবজি কেনার সময় তাজা ও অক্ষত সবজি বেছে নিন।
- রান্নার আগে পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিন।
- প্রয়োজন হলে লবণ বা ভিনেগার মেশানো পানিতে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখতে পারেন।
- কাঁচা সবজি বা সালাদ খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকুন।
- সবজি ভালোভাবে সিদ্ধ বা রান্না করে খাওয়ার চেষ্টা করুন।
- অনেক দিন ধরে ফ্রিজে রাখা সবজি ব্যবহার না করাই ভালো।
বর্ষাকালে সুস্থ থাকতে শুধু কী খাবেন, তা নয়, কীভাবে খাবেন সেটিও সমান গুরুত্বপূর্ণ। সবুজ শাক, ফুলকপি, ব্রোকলি, বেগুন বা অন্যান্য সবজি পুষ্টিকর হলেও এই মৌসুমে এগুলো পরিষ্কার না করে বা আধা রান্না করে খেলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তাই স্বাস্থ্যকর উপায়ে সবজি প্রস্তুত ও রান্না করার অভ্যাসই আপনাকে এবং আপনার পরিবারকে বর্ষাকালের নানা রোগ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।
সূত্র: এনটিভি, টিভি ৯, নিউজ ১৮






