জুলাইয়ে ধেয়ে আসতে পারে নিম্নচাপ, তাপপ্রবাহ ও বন্যার শঙ্কা

জুলাই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এ মাসে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রঝড়সহ এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
জুলাই মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চলতি জুলাইয়ে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে চলতি জুলাইয়ে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, চলতি মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সেই সঙ্গে জুলাইয়ে বিচ্ছিন্নভাবে দেশে এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে চলতি জুলাই মাসে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীগুলোয় পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া ভারী বৃষ্টিপাতজনিত কারণে চলতি জুলাইয়ে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।





