logo

সহজের কাছে রেলের পাওনা সাড়ে ৪ কোটি, তবু নতুন চুক্তির তোড়জোড়

• জরিমানা আদায়ে দেড় বছরের নিষ্ক্রিয়তা

• নির্ধারিত সময়ে বসেনি ডিজাস্টার রিকভারি সার্ভার

• ভেন্ডরের কর্মীদের হাতে ১৬৯টি অ্যাডমিন অ্যাকাউন্ট

• নতুন চুক্তির তোড়জোড়, ঝুঁকিতে সরকারি অর্থ

সহজের কাছে রেলের পাওনা সাড়ে ৪ কোটি, তবু নতুন চুক্তির তোড়জোড়
কোলাজ ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট ব্যবস্থাপনায় ভেন্ডর প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’। রেলওয়ের সঙ্গে করা চুক্তির শর্ত অগ্রাহ্য করায় গত বছর জরিমানাও করা হয় প্রতিষ্ঠানটিকে। জরিমানাসহ সব মিলিয়ে বর্তমানে সহজের কাছে রেলওয়ের পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকারও বেশি। এর মধ্যে ১ কোটি ৩৯ লাখ টাকা জরিমানা আরোপের উদ্যোগ নেওয়া হয় ২০২৫ সালের এপ্রিলের সার্ভার বিপর্যয়ের পর। দেড় বছর পেরিয়ে গেলেও এই টাকা আদায় হয়নি।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ১৪ ফেব্রুয়ারি। রেলভবন সূত্র বলছে, এর মধ্যেই প্রতিষ্ঠানটিকে নতুন দরপত্রে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার তৎপরতা শুরু হয়েছে।

Advertisement

রেলওয়ে ও পরিবহন অডিট অধিদপ্তর সূত্রে পাওয়া চুক্তির তথ্য অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’র সঙ্গে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি ও ব্যবস্থাপনার চুক্তি করে। চুক্তির ৮ নম্বর শর্ত অনুযায়ী ১৮ মাসের মধ্যে সব কাজ শেষ করার কথা ছিল। অর্থাৎ ২০২৩ সালের ১৪ আগস্টের মধ্যে বাংলাদেশ রেলওয়ে ইন্টিগ্রেটেড টিকিটিং সিস্টেমের (বিআরআইটিএস) সব কার্যক্রম সম্পন্ন হওয়ার বাধ্যবাধকতা ছিল।

নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে দৈনিক ২৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়। পাশাপাশি ১৫ দিনের নোটিশে চুক্তি বাতিল এবং প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করার শর্তও ছিল। কিন্তু বাস্তবে এসব শর্ত কার্যকর করার দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

নথিপত্রে বড় ধরনের কারিগরি বিপর্যয়েরও তথ্য পাওয়া গেছে। ২০২৫ সালের এপ্রিলে মূল সার্ভারে ত্রুটি দেখা দিলে প্রায় ১৫ ঘণ্টা রেলের অনলাইন টিকিট বিক্রি বন্ধ ছিল। এতে দেশজুড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ওই ঘটনায় রেলওয়ের জোনাল অফিস সহজকে ১ কোটি ৩৯ লাখ টাকা জরিমানা করে টাকা আদায়ের জন্য রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের কাছে চিঠি পাঠায়। ওই ঘটনার দেড় বছর পেরিয়ে গেছে। তবে টাকা আদায়ে এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অন্যদিকে ১৮ মাসের সময়সীমা পার হওয়ার পরও নির্ধারিত সময়ে ডিজাস্টার রিকভারি সার্ভার বসানো হয়নি। মূল সার্ভার বিকল হলে বিকল্প হিসেবে চালু থাকার কথা এই সার্ভারের। চুক্তি অনুযায়ী এ কারণে দৈনিক ২৫ হাজার টাকা হারে জরিমানা প্রযোজ্য। রেলসংশ্লিষ্ট একটি সূত্রের হিসাবে, এ খাতে জরিমানার অঙ্ক ইতিমধ্যেই তিন কোটি টাকা ছাড়িয়ে গেছে। আগের ১ কোটি ৩৯ লাখের সঙ্গে যোগ করলে মোট টাকার পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৩৯ লাখেরও বেশি।

এই সার্ভার নিয়ে সহজের দেওয়া তথ্যে অসংগতি ধরা পড়েছে। কাজের অগ্রগতি জানতে চেয়ে ২০২৩ সালের ১১ মে প্রতিষ্ঠানটিকে চিঠি দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। জবাবে সহজ জানায়, ২০২২ সালের নভেম্বরে তারা রিকভারি সার্ভার সরবরাহ করেছে। কিন্তু পরে পরিবহন অডিট অধিদপ্তরের তথ্যপ্রযুক্তি অডিটে দেখা যায়, নির্ধারিত সময়ে কোনো রিকভারি সার্ভার সরবরাহ করা হয়নি। অডিট আপত্তির মুখে প্রতিষ্ঠানটি পরে সার্ভার সরবরাহের কথা জানায়। অর্থাৎ আগেই সার্ভার দেওয়ার কথা বলা এবং পরে আবার সরবরাহের কথা জানানো, এই দুই বক্তব্যের মধ্যে স্পষ্ট অসংগতি রয়েছে। ২০২৫ সালের এপ্রিলে মূল সার্ভার অচল হলে বিকল্প সার্ভার পাওয়া যায়নি। ফলে দীর্ঘ সময় টিকিট বিক্রি বন্ধ থাকে। পরিবহন অডিট অধিদপ্তরের তথ্যপ্রযুক্তি অডিটে বিষয়টি উঠে এসেছে।

২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছরের কার্যক্রম পর্যালোচনা করে এই অডিট করা হয়। নিরীক্ষার তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্টেশনের ১৬৯টি অ্যাডমিন অ্যাকাউন্ট পরিচালনা করছেন সহজ ডট কমের কর্মীরা। এসব অ্যাকাউন্ট দিয়ে টিকিট ব্লক বা ছাড়ার মতো কাজ করা যায়। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট রেলওয়ে স্টেশনের ই-টিকিটিং ড্যাশবোর্ডে ছয়টি সক্রিয় ব্যবহারকারীর তালিকা সহজের নিয়ন্ত্রণে রয়েছে।

সিলেট স্টেশনে দায়িত্বরত ভেন্ডর প্রতিনিধির ড্যাশবোর্ডে বড় অনিয়ম শনাক্ত হয়েছে। সেখান থেকে সাধারণ যাত্রীদের জন্য টিকিট উন্মুক্ত হওয়ার এক থেকে পাঁচ দিন আগেই টিকিট ব্লক করার সুযোগ ছিল। দেশের বিভিন্ন রুটের টিকিটও এভাবে আগাম ব্লক করার সুযোগের তথ্য মিলেছে। অথচ চুক্তি অনুযায়ী সহজের কর্মীদের দায়িত্ব ছিল কেবল হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ করা। টিকিট বিক্রি, আসন সংরক্ষণ কিংবা কোটা সমন্বয়ে তাদের যুক্ত থাকার সুযোগ ছিল না। টিকিট ব্লক বা ছাড়ার এখতিয়ারও তাদের ছিল না। অ্যাডমিন নিয়ন্ত্রণের এই সুযোগে টিকিট কালোবাজারির পথ তৈরি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে রেলওয়ে সংশ্লিষ্টদের মধ্যে।

এসব বিষয়ে এশিয়া পোস্টকে পাঠানো সহজ লিমিটেডের লিখিত বক্তব্যে বলা হয়, ‘বাংলাদেশ রেলওয়ের সমন্বিত টিকিটিং সিস্টেম যাত্রীদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও স্বচ্ছ ডিজিটাল টিকিটিং সেবা নিশ্চিত করতে পরিচালিত হচ্ছে। পরিবহন অডিট অধিদপ্তরের অডিটে উত্থাপিত পর্যবেক্ষণগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উত্তর ও সংশ্লিষ্ট নথিপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রদান করা হয়েছে। অডিটে উত্থাপিত বিষয়গুলো চুক্তিগত শর্ত, প্রযুক্তিগত অবকাঠামো, ডেটা ব্যবস্থাপনা ও অপারেশনাল প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রদান করা প্রমাণাদি ও তথ্য বর্তমানে উপযুক্ত দপ্তরে নিরীক্ষাধীন রয়েছে। ফলে এ পর্যায়ে এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়।’

সহজ লিমিটেড বলছে, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরীক্ষা প্রক্রিয়ার প্রতি যথাযথ সম্মান রেখে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে যাত্রীসেবা, তথ্যনিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।’

রেলভবন সূত্র জানিয়েছে, সহজের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র দুই মাস বাকি। নিয়ম অনুযায়ী চুক্তিভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করার সুযোগ ছিল। কিন্তু রেলওয়ের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা উল্টো পথে হাঁটছেন। তারা সহজকে নতুন দরপত্রে অংশ নেওয়ার সুযোগ করে দিতে ‘গ্রিন সার্টিফিকেট’ বা প্রয়োজনীয় সনদ দেওয়ার চেষ্টা করছেন।

এ বিষয়ে অবগত একাধিক সূত্র এশিয়া পোস্টকে জানিয়েছে, শেষ মুহূর্তে সহজকে জরিমানার চিঠি দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আদালতের স্থগিতাদেশ নেওয়ার সুযোগ করে দেওয়ার অলিখিত সমঝোতা হয়েছে। উদ্দেশ্য, আইনি ফাঁকফোকরে প্রতিষ্ঠানটি যেন নতুন দরপত্রে অংশ নিতে পারে।

এদিকে সরকারি অর্থের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। অনলাইনে টিকিট বিক্রির পাঁচ দিনের অর্থ বাবদ প্রায় ২০ কোটি টাকা সব সময় সহজ-সিনেসিস-ভিনসেন জেভির কাছে জমা থাকে। বিপরীতে রেলওয়ের কাছে প্রতিষ্ঠানটির জামানত হিসেবে রয়েছে মাত্র ৫০ লাখ টাকার ব্যাংক গ্যারান্টি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে জরিমানা আদায় ও পাওনা নিষ্পত্তি না হলে সরকারি এই বিশাল অঙ্কের অর্থ আদায় অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন ও যুগ্ম মহাপরিচালক শহিদুল ইসলামের বক্তব্য জানতে পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমানের মাধ্যমে গত ১২ নভেম্বর লিখিত প্রশ্ন পাঠানো হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।