কাঁচপুর বাস টার্মিনালের এক প্যাকেজেই প্রাক্কলিত ব্যয় বেড়েছে ৭০ শতাংশ
• সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রাক্কলন ছিল ৬ কোটি ৮৮ লাখ, উন্মুক্ত দরপত্রে হয়েছে ১১ কোটি ৬৮ লাখ টাকা
• প্রাক্কলন বেড়েছে ৪ কোটি ৮০ লাখ ২৭ হাজার টাকা, প্রায় ৭০ শতাংশ
• উন্মুক্ত দরপত্রে কাজ পেয়েছে ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড

ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল নারায়ণগঞ্জের কাঁচপুরে সরিয়ে নেওয়ার সরকারের পরিকল্পনা দীর্ঘদিনের। এ লক্ষ্যে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে এরই মধ্যে কাঁচপুর বাস টার্মিনাল প্রকল্পের প্রাক্কলিত ব্যয় বাড়ানো হয়েছে। একটি প্যাকেজে এই ব্যয় ৬ কোটি ৮৮ লাখ টাকা থেকে বাড়িয়ে ১১ কোটি ৬৮ লাখ টাকা করা হয়েছে। দুই অঙ্কের ব্যবধান ৪ কোটি ৮০ লাখ ২৭ হাজার টাকা, অর্থাৎ প্রায় ৭০ শতাংশ।
নৌবাহিনীর অধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কাজ দেওয়ার প্রক্রিয়া বাতিল করে উন্মুক্ত দরপত্র ডাকার পর প্রাক্কলিত ব্যয়ের এই বৃদ্ধি ঘটে।
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত ১৫ জুন সচিবালয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সায়েদাবাদসহ ঢাকার চারটি প্রধান আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিএসসিসি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নথি বলছে, এর পরদিন স্থানীয় সরকার বিভাগ করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠায়।
কাঁচপুর টার্মিনালের নির্মাণকাজ তিনটি প্যাকেজে ভাগ করা। একটিতে শেড, টিকিট কাউন্টার, টয়লেট ও অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা তৈরির কথা ছিল। এই কাজের জন্য প্রথমে ৬ কোটি ৮৮ লাখ টাকার প্রাক্কলন করা হয়।
এরপর সরাসরি ক্রয় পদ্ধতিতে, অর্থাৎ দরপত্র ছাড়াই নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার নিয়মে এটি সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়। সরকারি ক্রয় আইন, ২০০৬ ও সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর আলোকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেডকে (সিডিডিএল) দিয়ে কাজটি করানোর প্রস্তাব তৈরি হয়। সেই সারসংক্ষেপ অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে পাঠানো হয়। কমিটি গত ২৬ জুলাই এর প্রশাসনিক অনুমোদন দেয়।

অনুমোদনের পর সিটি করপোরেশন সিডিডিএলের সঙ্গে কয়েক দফা বৈঠক করে। শেষ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি না করে সরাসরি ক্রয় প্রক্রিয়া বাতিল করা হয়। এর মধ্যে ২ সেপ্টেম্বর জরুরিভিত্তিতে একই কাজের জন্য ই-জিপির মাধ্যমে উন্মুক্ত দরপত্র (ওটিএম) ডাকা হয়। দরপত্র খোলা হয় তিন দিনের মধ্যে।
যাচাই-বাছাই শেষে ১৬ সেপ্টেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডকে কাজ দেওয়ার নোটিশ দেওয়া হয়। ১২ দিন পর অর্থাৎ ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে করপোরেশন। চুক্তি অনুযায়ী কাজ শেষ করার সময়সীমা ছিল ৮ অক্টোবর। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। ডিএসসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজিব খাদেম এশিয়া পোস্টকে জানিয়েছেন, এখনও কাজ চলছে।
সরাসরি ক্রয় পদ্ধতিতে জুলাইয়ে ধরা ৬ কোটি ৮৮ লাখ টাকার প্রাক্কলন উন্মুক্ত দরপত্রে একলাফে ১১ কোটি ৬৮ লাখ টাকায় উন্নীত হয়। অর্থাৎ, দুই পদ্ধতিতে ব্যবধানের পরিমাণ ৪ কোটি ৮০ লাখ ২৭ হাজার টাকা।
সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫ ও সরকারি আর্থিক শৃঙ্খলার নিয়মে প্রশাসনিকভাবে অনুমোদিত প্রাক্কলিত ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে হলে তা ইচ্ছেমতো বা মৌখিকভাবে বদলানোর সুযোগ নেই। বড় ধরনের ব্যয়বৃদ্ধি বা প্রাক্কলন সংশোধনে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে নতুন করে প্রশাসনিক অনুমোদন নিতে হয়। প্রয়োজনে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। প্রাক্কলন তৈরির সময় বাজারমূল্য ও কাজের সঠিক পরিমাপ যাচাই করতে হয়।
ডিএসসিসি সূত্র বলছে, কাগজে-কলমে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজটি পাওয়ার কথা ছিল সিডিডিএলের। সহ-ঠিকাদার হিসেবে এটি বাস্তবায়নের কথা ছিল বর্তমান ঠিকাদার ইউডিসি কনস্ট্রাকশনের। তবে ওই দামে কাজটি করতে সিডিডিএল রাজি ছিল না।

সিডিডিএলের মাধ্যমে করপোরেশনের সঙ্গে দরকষাকষির বৈঠকে ১১ কোটি টাকার সংশোধিত বাজেট দেওয়া হয়। করপোরেশন ওই দরে চুক্তি না করে দ্রুত সরাসরি ক্রয় প্রক্রিয়া থেকে সরে আসে। সিডিডিএলের সংশোধিত বাজেট ধরে দ্বিতীয় প্রাক্কলন করে উন্মুক্ত দরপত্র ডাকা হয়।
ডিএসসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. লুৎফর ফকির এশিয়া পোস্টকে বলেন, ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় (ডিপিএম) চিটাগাং ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) দরপত্রটি প্রশাসনিক অনুমোদন পাওয়ার পর আমরা কয়েক দফায় তাদের সঙ্গে বৈঠকে বসি। তারা যে টাকায় দরপত্রটি অনুমোদন হয়েছিল সেই দামে কাজ করতে আগ্রহী ছিল না। নতুন করে তারা ১১ কোটি টাকার সংশোধিত বাজেট প্রস্তাব করে। এ কারণে তাদের সঙ্গে চুক্তি করা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। তাদের অনুমতিসাপেক্ষে পরবর্তীতে জরুরি উন্মুক্ত ক্রয় প্রক্রিয়ায় দরপত্র হয়।’
বিষয়টি সম্পর্কে অবগত ডিএসসিসির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা এশিয়া পোস্টকে জানান, ‘ঊর্ধ্বতনদের যোগসাজশে প্রাক্কলন ৪ কোটি ৮০ লাখ ২৭ হাজার টাকা বাড়িয়ে সিডিডিএলের সঙ্গে সরাসরি ক্রয় বাতিল করা হয়েছে এবং উন্মুক্ত প্রক্রিয়ায় কাজটি দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে সিডিডিএলের প্রশাসনিক অনুমোদন বাতিল করা হলেও তাদের অবহিত করা হয়নি। কাঁচপুর টার্মিনালে তিনটি শেড নির্মাণের জায়গা আছে, এখন একটি শেড নির্মাণ করা হচ্ছে। সব যাচাই করেই করপোরেশনের সর্বশেষ দর ধরে প্রাক্কলন করা হয়েছিল। এই অঙ্ক পরে বাড়ার সুযোগ নেই।
প্রাক্কলন বাড়ার বিষয়ে লুৎফর ফকির বলেন, ‘রাজধানীতে যানজট নিরসনে ঢাকার বাইরে বাস টার্মিনাল নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল। এ জন্য তড়িঘড়ি করে প্রাক্কলন প্রস্তুত করায় প্রথমে প্রাক্কলন মূল্য কম ছিল। পরে উন্মুক্ত ক্রয় প্রক্রিয়ার সময় পূর্ণাঙ্গ প্রাক্কলন করা হয়।’
সরাসরি ক্রয় প্রক্রিয়া বাতিলের বিষয়টি কি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উত্থাপন করা হয়েছিল? এমন প্রশ্নে তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজিব খাদেম বলেন, ‘এটি আমার জানা নেই।’











