গণমাধ্যমের প্রতি সিমরিন লুবাবার বিশেষ অনুরোধ

পুরোনো ছবি বা ভিডিও ব্যবহার করে সংবাদ, প্রতিবেদন, পোস্ট কিংবা যেকোনো ধরনের প্রচারণা না করতে বিশেষ অনুরোধ জানিয়েছেন বিনোদন জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া শিশুশিল্পী সিমরিন লুবাবা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে ‘একটি জরুরি সতর্কবার্তা’ শীর্ষক স্ট্যাটাসে তিনি এ অনুরোধ জানান।

ওই পোস্টে তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, গণমাধ্যম, সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠান আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ করবেন না।’
দ্বীনের বিধান অনুযায়ী পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলার ইচ্ছা প্রকাশ করে সিমরিন লুবাবা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশ করতে আগ্রহী নই এবং দ্বীনের বিধান অনুযায়ী পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলতে চাই। তাই আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা বা সংবাদ প্রকাশ আমার সম্মতির পরিপন্থী।’
অনুমতি ছাড়া এমন কিছু করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে রাষ্ট্রের প্রচলিত আইনের আশ্রয় নেওয়া হবে। আর যারা জেনেশুনে আমার অধিকার ও সম্মতি উপেক্ষা করবেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে। আল্লাহই সর্বোত্তম বিচারক।’
তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত গোপনীয়তা ও দ্বীনি সিদ্ধান্তকে সম্মান করুন। আমার অনুমতি ছাড়া আমার কোনো ছবি ব্যবহার করবেন না।’
উল্লেখ্য,শিশুশিল্পী হিসেবে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করে পরিচিতি পান সিমরিন লুবাবা। গত বছরের শেষের দিকে তিনি ধর্মীয় কারণে বিনোদন অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নেন এবং নেকাব পরিধান করে ইসলামি জীবনযাপনে মনোনিবেশ করেন।











