logo

‘ফলের ব্যবসা’ করতে চান জলবায়ু কর্মী ফাতিহা আয়াত, কিন্তু কেন

‘ফলের ব্যবসা’ করতে চান জলবায়ু কর্মী ফাতিহা আয়াত, কিন্তু কেন
জলবায়ু কর্মী ফাতিহা আয়াত। ছবি: ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া

তুরস্কের আনাতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ এবারও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি জলবায়ু কর্মী ফাতিহা আয়াত। এ নিয়ে হতাশা প্রকাশের পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্মেলনগুলোতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি। এমনকি আগামী মৌসুম থেকে ফলের ব্যবসা শুরু করার কথা জানিয়ে পরামর্শ চেয়েছেন নেটিজেনদের।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ফাতিহা আয়াত লেখেন, দেশের বাইরে থাকা পাঁচ বছরে জাতিসংঘে ১০ বার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে তার। দেশে ফেরার পর এবারসহ তিনবার জলবায়ু সম্মেলনে যাওয়ার চেষ্টা করেও সফল হননি। তাই আগামী মৌসুম থেকে ফলের ব্যবসা করার কথা ভাবছেন। এ জন্য কোন ফলের ব্যবসা ভালো হবে, তা জানতে সবার কাছে পরামর্শ চেয়েছেন তিনি।

ফাতিহা আয়াতের শেয়ার করা ফটোকার্ড। ছবি: ফেসবুক পোস্ট থেকে নেওয়া
ফাতিহা আয়াতের শেয়ার করা ফটোকার্ড। ছবি: ফেসবুক পোস্ট থেকে নেওয়া

জলবায়ু সম্মেলনগুলোর ধারাবাহিকতা উল্লেখ করে তিনি লেখেন, কিয়োটো প্রটোকল, বালি রোডম্যাপ, কোপেনহেগেন অ্যাকর্ড, প্যারিস অ্যাগ্রিমেন্ট ও গ্লাসগো ক্লাইমেট প্যাক্টের মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে একের পর এক অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু প্রতিশ্রুতির পরিমাণ বাড়লেও জলবায়ু বিপর্যয়ের মুখে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অসহায়ত্ব কমেনি।

বাংলাদেশের জলবায়ু সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, নদীভাঙনে মানুষের পৈতৃক ভিটেমাটি বিলীন হচ্ছে। খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকের ফসল ও জীবিকা। মৌসুমি বন্যা, অনিয়মিত বৃষ্টিপাত এবং উপকূলীয় অঞ্চলে মাটি ও ভূগর্ভস্থ পানির লবণাক্ততা মানুষের জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। অথচ জলবায়ু সংকট সৃষ্টিতে বাংলাদেশের অবদান নগণ্য।

কপ-৩১-এ অংশ নেওয়া বাংলাদেশের তরুণ প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে ফাতিহা আয়াত বলেন, তারা যেন সম্মেলনে প্রতিশ্রুতির পরিবর্তে সেগুলোর বাস্তবায়নের দাবি তোলেন। পাশাপাশি করুণার পরিবর্তে জলবায়ু ন্যায্যতা এবং ঋণের বোঝার পরিবর্তে ক্ষতিপূরণ ও কার্যকর অর্থায়নের দাবি জানান।

পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন রাখেন, আনাতালিয়া থেকে এবারও কি কেবল প্রতিশ্রুতি নিয়ে শূন্য হাতে ফিরতে হবে? বাংলাদেশের নদী, মাটি ও ভবিষ্যৎ কোনো আন্তর্জাতিক সম্মেলনের আলোচ্যসূচির একটি অনুচ্ছেদমাত্র নয়; এটি দেশের অস্তিত্ব এবং আগামী প্রজন্মের বেঁচে থাকার অধিকারের প্রশ্ন।