ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ এলাকার কাছে একটি ভাড়া বাসায় থাকেন।
ভুক্তভোগী নারীর স্বামী জানান, প্রতিদিনের মতো থানায় ডিউটি শেষ করে তার স্ত্রী হেঁটে বাসায় ফিরছিলেন। সে সময় তিনি সিভিল পোশাকে ছিলেন। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছালে পেছন দিক থেকে এক যুবক এসে তার স্ত্রীর মুখ চেপে ধরেন এবং জোরপূর্বক সড়কের পাশে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেন। এ সময় কাছেই মোটরসাইকেল নিয়ে আরেক যুবক দাঁড়িয়ে ছিলেন। নারী কনস্টেবল চিৎকার শুরু করলে অভিযুক্ত দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যান। তবে দুর্বৃত্তরা তার স্ত্রীর কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেল আরোহী দুই তরুণকে দেখা গেছে, যার মধ্যে একজন নারী পুলিশ সদস্যের পিছু নিয়েছিলেন। এর কিছুক্ষণ পরই স্থানীয়দের ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাই বা অপপ্রয়াসের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।










