গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা ও ঘোনাপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মৃত আকমাল উদ্দিন খন্দকারের ছেলে ব্যবসায়ী মো. ওবায়েদুর রহমান এবং মাদারীপুর সদর উপজেলার মৃত কাছির উদ্দিন সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা সত্তার সরদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাপায় গুরুতর আহত হন ওবায়েদুর রহমান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই মহাসড়কের ঘোনাপাড়া চক্ষু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ ভ্যান। এতে ওই পিকআপ ভ্যানে থাকা বীর মুক্তিযোদ্ধা সত্তার সরদার গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির মাহমুদ বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











