দুধের কৌটার ভেতরে বোমাসদৃশ বস্তু, ২ দিন ধরে পাহারায় পুলিশ

লক্ষ্মীপুরের রায়পুরে একটি পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা উদ্ধার করেছে পুলিশ। কৌটা দুটির ভেতরে বোমাসদৃশ বস্তু থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দুদিন ধরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়ির পেছন থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাতের ঘটনায় তিনজন আহত হন। ওই ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া বাসার সন্ধান পায় পুলিশ। পরে সোমবার ওই বাসা থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তার বাসার পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি পাউডার দুধের কৌটার সন্ধান পাওয়া যায়।
স্থানীয় লোকজন কৌটা দুটির মুখ খুলে ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পান। পরে খবর পেয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কৌটা দুটি উদ্ধার করেন। নিরাপত্তার স্বার্থে সেগুলো আপাতত নিরাপদ স্থানে রাখা হয়েছে। পাশাপাশি সেখানে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা শিকদার জানান, বাড়িটির আগের মালিক ঢাকায় বসবাস করেন। পরে বাড়িটি অন্য একজনের কাছে ভাড়া দেওয়া হয়। ওই ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়ে সেখানে দুজনকে থাকতে দিয়েছিলেন বলে তারা জানতে পেরেছেন। তবে বর্তমানে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাড়ির পেছনের একটি জায়গায় মাটির নিচে কৌটা দুটি পাওয়া যায়। সেগুলোর ভেতরে কী রয়েছে, তা তারা নিশ্চিত নন। মঙ্গলবার থেকে পুলিশ সেখানে অবস্থান করছে।
কৌটা দুটির ভেতরে আসলে কী ধরনের বস্তু রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দন্তোষ ত্রিপুরা বলেন, উদ্ধার হওয়া কৌটা দুটি বিদেশি পাউডার দুধের। প্রতিটির ওজন আনুমানিক তিন থেকে চার কেজি হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৌটাগুলোর ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু রয়েছে। উদ্ধারের পর থেকেই ঘটনাস্থলে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পরবর্তী ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।
তিনি আরও বলেন, বুধবার বিষয়টি আদালতকে জানিয়ে আবেদন করা হবে। আদালতের নির্দেশনা পাওয়ার পর বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তা নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত ঘটনাস্থলে পুলিশি পাহারা অব্যাহত থাকবে।











