logo

সাভার-আশুলিয়ায় উত্তেজনা, বহিরাগতদের জড়িত থাকার দাবি পুলিশের

সাভার-আশুলিয়ায় উত্তেজনা, বহিরাগতদের জড়িত থাকার দাবি পুলিশের
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম। ছবি: এশিয়া পোস্ট

বেতন বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সকালের উত্তেজনার পর বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাভার ও আশুলিয়ার অন্তত ২২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে এখনও বিভিন্ন স্থানে শ্রমিকরা জড়ো চেষ্টা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে হেমায়েতপুরের কারখানাগুলোতে অশান্ত পরিবেশ তৈরির পেছনে বহিরাগত একটি তৃতীয় পক্ষ জড়িত ছিল বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে শ্রমিকরা স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছিলেন। তবে সকাল ১০টার পর হেমায়েতপুর ও আশুলিয়ার বেশ কিছু কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শারমিন গ্রুপ, নেক্সট কালেকশন, স্টারলিং, ওয়াইপি আশুলিয়া, রেজা গার্মেন্টস, ডেবোনিয়ার, প্রাণ-আরএফএল এর সাবিহাসহ অন্তত ২২টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, ছুটির পর শ্রমিকরা রাস্তায় নেমে সড়ক অবরোধ ও অন্যান্য কারখানা বন্ধের চেষ্টা চালান। হেমায়েতপুরের এ কে এইচ গ্রুপ ও ববস গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা যমুনা গার্মেন্টসের সামনে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে অধিকাংশ কারখানাই উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সাভারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম জানান, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তবে বাইরে থেকে একটি তৃতীয় পক্ষ ঢুকে পরিস্থিতি অস্থিতিশীল করে ফায়দা লোটার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, হেমায়েতপুরের কারখানাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো ব্যক্তিরা মূলত বহিরাগত। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন । ৫ আগস্টের পর থেকে পুলিশ কোনো প্রাণঘাতী অস্ত্র (লেথাল ওয়েপন) ব্যবহার করছে না। পরিকল্পিতভাবে যারা গুজব ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সাইবার নিরাপত্তা দল কাজ করছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, জামগড়া এলাকা ছাড়া সাভার ও আশুলিয়ার বাকি সব জায়গার পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক আছে।

বর্তমানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে হেমায়েতপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে জেলা পুলিশ, এপিবিএন, ডিবি ও বিজিবির যৌথ টহল ও কড়া নজরদারি চলছে। পুরো এলাকা এখন আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।