logo

জম্মু-কাশ্মীরের সামরিক ক্যাম্পে সন্ত্রাসী হামলা

জম্মু-কাশ্মীরের সামরিক ক্যাম্পে সন্ত্রাসী হামলা
জম্মু-কাশ্মীরের সিআরপিএফের ক্যাম্পে গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। ছবি: ইন্ডিয়া টুডে

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার আখরানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফের একটি ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

বুধবার (১১ নভেম্বর) দুপুর দুইটার দিকে মোটরসাইকেলে এসে দুই অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সিআরপিএফের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা সিআরপিএফের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।

সিআরপিএফ এক বিবৃতিতে জানায়, বুধবার দুপুরে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার একটি নিরাপত্তাচৌকিতে দায়িত্ব পালনরত সদস্যদের ওপর মোটরসাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গুলি চালায়। এতে বাহিনীর তিন সদস্য আহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুলি চালিয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত তিন সদস্যকে চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট