ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা মালদ্বীপের

ইসরায়েলি পাসপোর্টধারীদে মালদ্বীপে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
গত ৯ নভেম্বর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মালদ্বীপ এই বিলাসবহুল পর্যটন দ্বীপপুঞ্জে ইসরায়েলিদের প্রবেশ স্থায়ীভাবে নিষিদ্ধ করছে।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয় জানিয়েছে, বর্তমান বিলটিতে ইসরায়েলি পাসপোর্টধারী যে কোনো ব্যক্তির প্রবেশের ওপর শর্তহীন নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছে। পরিস্থিতি যেমনই হোক না কেন, এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুসারে, এই নিষেধাজ্ঞার ফলে ইসরায়েলিরা দ্বিতীয় পাসপোর্ট ব্যবহার করেও ১ হাজার ১৯২ দ্বীপবেষ্ঠিত দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন না।
এর আগে গাজা যুদ্ধ চলাকালীন ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ রাখার প্রস্তাব ছিল। তবে নতুন সংশোধনীতে কোনো শর্ত ছাড়াই এ নিষেধাজ্ঞা কার্যকর করার কথা বলা হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত অভিবাসন আইন সংশোধনী দেশটির পার্লামেন্টে জমা দিয়েছে সরকার।
দেশটির প্রেসিডেন্ট মুইজ্জু বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের অবস্থান স্পষ্ট। ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও দেশটি ধারাবাহিকভাবে ভূমিকা রেখে আসছে।
তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তা আমরা মেনে নেই না; মালদ্বীপের জনগণ কোনো অবস্থাতেই এটি গ্রহণ করতে পারে না।’
এদিকে, ইসরায়েলি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মালদ্বীপের আবাসন ও সম্পত্তি উন্নয়ন খাতে বিনিয়োগ এবং সম্পত্তি কেনা থেকে বিরত রাখতেও পৃথক একটি বিল পার্লামেন্টে জমা দেওয়া হয়েছে।
তবে দ্বৈত নাগরিকত্বধারী ইসরায়েলিরা অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালদ্বীপে প্রবেশ করতে পারবেন কি না, তা নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে।
প্রেসিডেন্ট মুইজ্জু জানিয়েছেন, অন্য পাসপোর্টে প্রবেশের সুযোগ থাকতে পারে, তবে দেশটিতে সম্পত্তি কেনা বা বিনিয়োগের ক্ষেত্রে তাদের যাচাই করা হবে।
(2)-6182f1.jpg)












