টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রহমত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। আইসিসির টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। আফগানিস্তানের ইতিহাসে টেস্টের ব্যাটিং, বোলিং কিংবা অলরাউন্ডার, কোনো বিভাগেই এর আগে সেরা দশে উঠতে পারেননি কেউ। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে দেশের ক্রিকেটকে পৌঁছে দিলেন নতুন উচ্চতায়।
বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন রহমত। জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলার পুরস্কার পেয়েছেন তিনি। একই সঙ্গে ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্টও অর্জন করেছেন আফগান অধিনায়ক।
জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসটি ছিল রহমতের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি এবং চলতি বছরের দ্বিতীয়। এই পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে ভারতের অধিনায়ক শুভমান গিল, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে পেছনে ফেলেছেন তিনি। এর আগে ১৩তম স্থানে থাকা রহমত এবার সরাসরি ঢুকে পড়লেন সেরা দশে।
আফগানিস্তান ক্রিকেটের জন্য সাম্প্রতিক সময়টা বেশ সাফল্যের। চলতি মাসের শুরুতেই ওয়ানডে দলীয় র্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ষষ্ঠ স্থানে উঠেছিল আফগানরা। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থেকে শিরোপা জয়ের পরই এই সাফল্য আসে। এবার ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও নতুন ইতিহাস গড়লেন রহমত।
তবে শুধু রহমত নন, শারজার ড্র হওয়া টেস্টের পর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভিনেরও। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ডাবল সেঞ্চুরির সুবাদে নয় ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন তিনি।
এদিকে সর্বশেষ র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়েরও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে একশর বাইরে থেকে সরাসরি ৬০তম স্থানে উঠে এসেছেন তিনি। ওই ম্যাচের প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেছিলেন হৃদয়।
একই সিরিজে ভালো খেলে ওয়েস্ট ইন্ডিজের কাভেম হজ ১২ ধাপ এগিয়ে ৫২তম এবং আমির জাঙ্গু ২৮ ধাপ এগিয়ে ৬২তম স্থানে পৌঁছেছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিক্যান। বাংলাদেশের বিপক্ষে সিরিজসেরার পুরস্কার জেতা এই বাঁহাতি স্পিনার ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে উঠেছেন। একই সঙ্গে অর্জন করেছেন ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট। অলরাউন্ডারদের তালিকাতেও চার ধাপ এগিয়ে ৩১তম হয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটার জাস্টিন গ্রিভসও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। এক ধাপ এগিয়ে যৌথভাবে অষ্টম স্থানে উঠেছেন তিনি।










