স্যান্ডপেপার বিতর্কে প্রশ্নের মুখে খাজা, বদল বইয়ের প্রচারসূচি

আত্মজীবনী প্রকাশ করে অস্ট্রেলিয়ার ক্রিকেটে পুরোনো বিতর্ক নতুন করে উসকে দিয়েছেন উসমান খাজা। ২০১৮ সালের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে তার বিস্ফোরক দাবির পর তোলপাড় চলছে দেশটির ক্রিকেটাঙ্গনে। এর মধ্যেই টেলিভিশন সাক্ষাৎকারে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার। এরপর তার নতুন বইয়ের প্রচারসূচিতে পরিবর্তন আনা হয়েছে। কয়েকটি সাক্ষাৎকার বাতিল হলেও পুরো প্রচার কার্যক্রম বন্ধ হওয়ার খবর অস্বীকার করেছে প্রকাশনা সংস্থা।
বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসির '৭.৩০' অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার পর কয়েকটি রেডিও ও টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন খাজা।
তবে তার বইয়ের প্রকাশক পেঙ্গুইন জানিয়েছে, প্রচার কার্যক্রম বন্ধ হচ্ছে না। এবিসিকে দেওয়া বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘বইয়ের প্রচার কার্যক্রম শতভাগ চালু রয়েছে। চলতি সপ্তাহের সূচিতে কিছু পরিবর্তন আনতে হয়েছে। তবে বড় কোনো অনুষ্ঠান বাতিল করা হয়নি।’
প্রকাশনা সংস্থাটি আরও নিশ্চিত করেছে, নতুন বই নিয়ে পরবর্তী সময়ে আরও সাক্ষাৎকার দেবেন খাজা।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত খাজার আত্মজীবনী 'সবর'-এ ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের বল বিকৃতি কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। বইয়ে তার দাবি, স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনার কথা দলের সবাই জানতেন। এমনকি কেপটাউনে ধরা পড়ার আগের টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ তার।
মঙ্গলবার রাতে এবিসির অনুষ্ঠানে সাংবাদিক সারা ফার্গুসন খাজার কাছে জানতে চান, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নও সেই পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানতেন কি না। তবে নির্দিষ্ট কোনো ক্রিকেটারের সম্পৃক্ততা নিয়ে সরাসরি উত্তর দিতে রাজি হননি খাজা।
তিনি বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দেব না। বইয়ে যা লেখার, তা লিখেছি। আমি নিজের দেখা ঘটনার বিবরণ দিয়েছি। কারও নাম উল্লেখ করিনি, এখনো করব না।’
খাজা জানিয়েছেন, কাউকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করা তার উদ্দেশ্য নয়। বরং পুরো দলের সম্মিলিত দায় স্বীকার করা উচিত বলেই মনে করেন তিনি।
তার ভাষায়, ‘আমি কাউকে দোষী সাব্যস্ত করার অভিযানে নামিনি। আমি শুধু চেয়েছি, দল হিসেবে আমরা যেন দায় স্বীকার করি।’
সাক্ষাৎকারে ডেভিড ওয়ার্নারের বক্তব্য নিয়েও প্রশ্নের মুখে পড়েন খাজা। সাবেক সতীর্থের দাবিকে 'শতভাগ সঠিক' বলে সমর্থন দেওয়ার পাশাপাশি ওয়ার্নার জানিয়েছিলেন, একদিন সব মিথ্যা সামনে আসবে। সেই মন্তব্যে কোন মিথ্যার কথা বলা হয়েছে, জানতে চাইলে খাজা বলেন, ওয়ার্নারের হয়ে তিনি কোনো ব্যাখ্যা দিতে চান না।
অন্যদিকে, মিচেল স্টার্ক মঙ্গলবার আবারও জানিয়েছেন, স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে আগে থেকে কিছু জানতেন না তিনি। ২০২১ সালে কামিন্স, স্টার্ক, হ্যাজলউড ও লায়ন যৌথ বিবৃতিতেও একই অবস্থান জানিয়েছিলেন।
২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় স্টিভ স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাস এবং ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
খাজার নতুন দাবি সামনে এলেও পুরোনো তদন্ত আবার শুরু করতে রাজি নয় দেশটির ক্রিকেট বোর্ড। প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, নতুন তদন্ত শুরুর মতো জোরালো কোনো কারণ দেখছেন না তারা।












