logo

খাজার দাবি ‘শতভাগ সত্য’, তদন্ত নিয়েও প্রশ্ন ওয়ার্নারের

খাজার দাবি ‘শতভাগ সত্য’, তদন্ত নিয়েও প্রশ্ন ওয়ার্নারের
স্যান্ডপেপারের কেলেঙ্কারি নিয়ে খাজার পাশে দাড়িয়েছেন ওয়ার্নার। ছবি: কোলাজ

আট বছর আগের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে উসমান খাজার বিস্ফোরক দাবির পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। বল বিকৃতির পরিকল্পনা পুরো দলের জানা ছিল বলে দাবি করেছিলেন সাবেক এই ওপেনার। এবার তার বক্তব্যকে ‘শতভাগ সত্য’ বলে সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। শুধু তা-ই নয়, ২০১৮ সালের বহুল আলোচিত ঘটনার তদন্ত প্রক্রিয়াকেও ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।

সোমবার (৯ নভেম্বর) নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় খাজার প্রতি পূর্ণ সমর্থন জানান ওয়ার্নার। আট বছর আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বল বিকৃতির ঘটনায় নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটারের একজন ছিলেন তিনি।

সাবেক সতীর্থকে ধন্যবাদ জানিয়ে ওয়ার্নার বলেন, ‘উজি, তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। তুমি যা করেছ, সে জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যা বলেছ, তা শতভাগ সত্য। এখন সবাই সত্যটা জানে।’

সম্প্রতি নিজের আত্মজীবনী 'সবর'-এর প্রকাশিত অংশে খাজা দাবি করেন, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়ার পুরো দলই জানত। এমনকি কেপটাউনে ধরা পড়ার আগের টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল বলে তার দাবি।

খাজার বক্তব্য ক্রিকেট অস্ট্রেলিয়ার আগের তদন্তের ফলাফলের সঙ্গে সাংঘর্ষিক। সেই তদন্তে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানতেন বলে চিহ্নিত করা হয়েছিল স্টিভ স্মিথ, ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে। কিন্তু খাজার দাবি, পুরো দলের জানা থাকা সত্ত্বেও শাস্তির বোঝা বহন করতে হয়েছিল শুধু তিনজনকে।

এবার সেই তদন্তের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন ওয়ার্নার। তার অভিযোগ, তদন্তকারীরা তড়িঘড়ি করে কাজ শেষ করেছিলেন। বিশেষ করে ঘটনার সময় ব্যানক্রফটের পাশে থাকা খাজার সাক্ষাৎকার না নেওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

ওয়ার্নার বলেন, ‘পুরো সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়াটিই ছিল তাড়াহুড়ো করে করা এবং ত্রুটিপূর্ণ। উজি ক্যামেরন ব্যানক্রফটের পাশেই বসেছিল। অথচ তার সাক্ষাৎকার নেওয়া হয়নি। এটাকে কীভাবে পূর্ণাঙ্গ তদন্ত বলা যায়? বিষয়টি আমাকে অবাক করে।’

আট বছর পর আত্মজীবনীর মাধ্যমে বিষয়টি সামনে আনার কারণে খাজার সমালোচনাও হচ্ছে। তবে সেই সমালোচনার জবাব দিয়েছেন ওয়ার্নার। তার মতে, খাজা নিজের অভিজ্ঞতার কথা বলেছেন। ঘটনার পর থেকেই নিজের অভিজ্ঞতাগুলো লিখে রেখেছিলেন তিনি।

ওয়ার্নার বলেন, ‘আমরা কাউকে দোষারোপ করতে চাইছি না, পুরোনো ক্ষতও নতুন করে খুলতে চাইছি না। বিষয়টি জবাবদিহি, স্বচ্ছতা এবং সত্য যথাযথভাবে যাচাই করার।’

ঘটনার প্রভাব এখনো তার পরিবারকে তাড়া করে ফেরে বলেও জানিয়েছেন ওয়ার্নার। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলার আগে নিজের মেয়েদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। বিশেষ করে ১২ বছর বয়সী মেয়ে আইভিকে বোঝাতে হয়েছে, আট বছর আগে কেন পরিবারের সদস্যদের গণমাধ্যমের ক্যামেরার সামনে কাদতে দেখা গিয়েছিল।

২০১৮ সালের মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছিলেন ব্যানক্রফট। এরপর স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাস এবং ব্যানক্রফটকে ৯ মাস নিষিদ্ধ করা হয়। ওয়ার্নারের ওপর আজীবন নেতৃত্বের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল, যা ২০২৪ সালে তুলে নেওয়া হয়।

তবে খাজা ও ওয়ার্নারের বক্তব্যের বিপরীতে নিজেদের আগের অবস্থানেই রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটি জানিয়েছে, তদন্তে পাওয়া সব প্রাসঙ্গিক তথ্য যথাযথভাবে বিবেচনা করা হয়েছিল। সেই তদন্তের ফল নিয়ে এখনো সন্তুষ্ট তারা। নতুন তথ্য সামনে এলে তা পর্যালোচনার সুযোগও রয়েছে।

এ ছাড়া ২০২১ সালে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। খাজার দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেম্যানও।

ফলে ওয়ার্নারের সমর্থন খাজার অভিযোগকে নতুন গুরুত্ব দিলেও পুরো দলের সম্পৃক্ততা কিংবা আগে থেকে জানার বিষয়টি এখনো স্বাধীনভাবে প্রমাণিত হয়নি। আট বছর পর আবারও প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম বিতর্কিত সেই অধ্যায়।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট