logo

বরিশালে উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়েছে

বরিশালে উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়েছে
উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেনের একটি অংশ ভেঙে পড়েছে। ছবি: এশিয়া পোস্ট

বরিশালের কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেনের একটি অংশ ভেঙে পড়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে নগরের মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে সকালে জাহাজটির ক্রেন পরিচালনার কাজ চলছিল। কাজ শুরুর মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে ক্রেনের সামনের একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। এ ঘটনায় জাহাজটির ক্রেন ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত জাহাজ ও ভেঙে পড়া ক্রেন উদ্ধারে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ। এ জন্য নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি শক্তিশালী উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।

দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

বরিশালের জেলা প্রশাসক খন্দকার মামুন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।