logo

বিএনপি নেতাকে মারধরের পর দুপক্ষের সংঘর্ষ, আহত ৪০

বিএনপি নেতাকে মারধরের পর দুপক্ষের সংঘর্ষ, আহত ৪০
ইছাপুরা গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। ছবি : এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপি নেতাকে মারধরের পর দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগও উঠেছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সংঘর্ষে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : এশিয়া পোস্ট
সংঘর্ষে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : এশিয়া পোস্ট

স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ ও আক্তার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় বাজারে দুপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির জেরে ইছাপুরা গ্রামে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। ওই ঘটনার পরও বিরোধের অবসান হয়নি।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ইছাপুর ইউনিয়নের আড়িয়ল বাজারসংলগ্ন আড়িয়ল সেতু এলাকায় এনাম খাঁকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে আক্তার গ্রুপের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার জেরেই বুধবার সকালে দুপক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ বাধে। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হন। কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।

ইছাপুরা গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। ছবি : এশিয়া পোস্ট
ইছাপুরা গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। ছবি : এশিয়া পোস্ট

স্থানীয় বাসিন্দারা জানান, দুপক্ষের বিরোধকে কেন্দ্র করে এলাকায় প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, প্রায় ৫০ বছর ধরে দুই পক্ষের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট