logo

মিরপুরে ৩ বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তারে চলছে অভিযান

মিরপুরে ৩ বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তারে চলছে অভিযান
মিরপুরে অগ্নিসংযোগে পুড়ে যাওয়া দুটি বাস। ছবি: সামাজিক মাধ্যমের ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিরপুরে পৃথক দুই স্থানে পার্কিংয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় কোনো হতাহত হয়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে শাহ আলী থানার চিড়িয়াখানা রোড ও ভোরে পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্ক করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম উপস্থিত রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের কর্মকর্তা রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু তার আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। আমরা জানতে পেরেছি চিড়িয়াখানা সিটি পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

এদিকে বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্ক করে রাখা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টিতে বাসে আগুন দিচ্ছে দুষ্কৃতকারীরা। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।