logo

ই-ক্যাবের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ

ই-ক্যাবের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ
ছিঁড়ে ফেলা মনোনয়নপত্রের টুকরো। ছবি: যমুনা অনলাইন থেকে নেওয়া

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সংগঠনটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধানমন্ডিতে অবস্থিত ই-ক্যাবের কার্যালয়ে মনোনয়নপত্র কিনতে যান নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী কয়েকজন। এ সময় তাদের মনোনয়নপত্র কিনতে বাধা দেন সাধারণ সম্পাদক পদে এককভাবে নির্বাচন করতে যাওয়া এক ব্যক্তির অনুসারীরা।

এ সময় মনোনয়ন কিনতে আসা একজনের হাত থেকে টেনে নিয়ে মনোনয়ন পত্র ছিঁড়ে ফেলেন তারা। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ই-ক্যাবের আসন্ন নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহের প্রক্রিয়ায় এমন বাধার অভিযোগ নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

এ ঘটানায় ভুক্তভোগী এক প্রার্থী বলেন, আজ (মঙ্গলবার) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) অফিসে একটি অনাকাঙ্ক্ষিত ও গুরুতর হামলার শিকার হই। ই-ক্যাবের আসন্ন ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে একজনের পক্ষে আমি মনোনয়নপত্র কিনি। মনোনয়নপত্র কিনে অফিস থেকে বের হয়ে আসার সময় সেখানে অবস্থানরত কতিপয় ব্যক্তি আমার ওপর অতর্কিত হামলা চালায় এবং আমাকে শারীরিকভাবে মারধর করে।

তিনি আরও বলেন, একপর্যায়ে তারা আমার সঙ্গে থাকা মনোনয়নপত্রটি ছিঁড়ে ফেলে। এ ঘটনায় আমি শারীরিকভাবে লাঞ্ছিত ও নিরাপত্তাহীনতার শিকার হয়েছি। আমার কাছে মনে হচ্ছে, একটি স্বার্থান্বেষী মহল ই-ক্যাবের আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণতান্ত্রিক ও প্রতিযোগিতামূলক নির্বাচনি প্রক্রিয়াকে বিঘ্নিত করতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে। এ ধরনের ঘটনা নির্বাচন পরিচালনার স্বাভাবিক পরিবেশ ও অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক ই-ক্যাবের কয়েকজন সদস্য বলেন, এভাবে নির্বাচনপ্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। সদস্যদের বলপ্রয়োগে মনোনয়ন ক্রয়ে বাধা দিলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকবে না। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করা উচিত।