logo

ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড/বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসেন ৯৪ শিক্ষার্থী, ভর্তি ৩৮

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসেন ৯৪ শিক্ষার্থী, ভর্তি ৩৮
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন মাদ্রাসা শিক্ষার্থীরা। ছবি: বিডিনিউজ থেকে নেওয়া

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসেন মোট ৯৪ জন শিক্ষার্থী। শারীরিক অবস্থা বিবেচনায় তাদের মধ্য থেকে ৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

ডা. সুলতান মাহমুদ আরও জানান, শিক্ষার্থীদের চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা ও সুষ্ঠু সেবা নিশ্চিত করতে দুটি পৃথক মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোগীদের শারীরিক অবস্থার উন্নতি এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজই কয়েকজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

অসুস্থ শিক্ষার্থীদের সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে বুধবার দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।