logo

রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ভর্তি ১৭৯

রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ভর্তি ১৭৯
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর হয়েছে। এ নিয়ে হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃত নারীর নাম মোসা. বুলু (৪০)। তিনি রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় গৃহিণী। গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। পরদিন ১০ নভেম্বর বিকেল ৩টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তিনি ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত ছিলেন।

একই সময়ে নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫৫ জন নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে। তবে একই সময়ে ৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, ডেঙ্গু রোগীর মৃত্যু ও হাসপাতালে নতুন রোগী ভর্তির ধারাবাহিকতা নগরীর জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে জমে থাকা পানি, অপরিচ্ছন্ন নালা-নর্দমা, পরিত্যক্ত পাত্র ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু ফগিং বা ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করাই সবচেয়ে কার্যকর পদক্ষেপ। বিশেষ করে বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, নির্মাণাধীন ভবন, পানির ট্যাংক, ড্রাম ও বিভিন্ন পাত্রে জমে থাকা স্বচ্ছ পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শংকর বিশ্বাস এশিয়া পোস্টকে জানান, এডিস মশা নিয়ন্ত্রণে সাধারণ মশা নিধনের পদ্ধতি যথেষ্ট নয়। কোথায় এডিস মশার প্রজনন হচ্ছে, তা শনাক্ত করে নির্দিষ্ট স্থানে কার্যকর ব্যবস্থা নিতে হবে।