পরবর্তী জেমস বন্ড কি হৃতিক রোশন?

হলিউডের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের পরবর্তী সিনেমায় কে অভিনয় করবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর নতুন বন্ড খুঁজছে প্রযোজনা সংস্থা। এরই মধ্যে সম্ভাব্য বন্ড হিসেবে আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের ল্যাকমা আর্ট অ্যান্ড ফিল্ম গালায় উপস্থিত হয়েছিলেন হৃতিক। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানের পাশাপাশি ‘ডিউন’খ্যাত নির্মাতা ডেনিস ভিলনভের সঙ্গেও দেখা যায় তাকে। অনুষ্ঠানে কালো রঙের বিশেষভাবে তৈরি পোশাকে নজর কাড়েন এই অভিনেতা।
অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই হৃতিককে জেমস বন্ড হিসেবে দেখার দাবি তুলতে শুরু করেন ভক্তদের একাংশ। বিশেষ করে ভিলনভের সঙ্গে তার ছবি প্রকাশ্যে আসার পর এই আলোচনা নতুন মাত্রা পায়।
এর পেছনে অবশ্য একটি কারণও রয়েছে। পরবর্তী জেমস বন্ড সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন ডেনিস ভিলনভ। ‘অ্যারাইভাল’, ‘ব্লেড রানার ২০৪৯’ ও ‘ডিউন’-এর মতো সিনেমা নির্মাণ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন তিনি। ফলে তার পরিচালনায় হৃতিককে ০০৭ চরিত্রে দেখার আগ্রহ প্রকাশ করছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ হৃতিকের জন্য জেমস বন্ডের চরিত্রে অডিশনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। আবার অনেকের মতে, অভিনেতার ব্যক্তিত্ব, শারীরিক গঠন, পর্দায় উপস্থিতি এবং অ্যাকশন দৃশ্যে দক্ষতা তাকে এই চরিত্রের জন্য উপযুক্ত করে তুলতে পারে।
তবে ভক্তদের এই আগ্রহের বিপরীতে বাস্তবতা হলো, জেমস বন্ড হিসেবে হৃতিক রোশনের অভিনয়ের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এমনকি তাকে এই চরিত্রের জন্য বিবেচনা করা হচ্ছে, এমন নিশ্চিত তথ্যও পাওয়া যায়নি।
অন্যদিকে, ২০২৬ সালের ১৪ মে অ্যামাজন এমজিএম স্টুডিওর পক্ষ থেকে জানানো হয়েছিল, নতুন জেমস বন্ড নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তখনো সম্ভাব্য অভিনেতাদের নাম প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। ফলে হৃতিককে ঘিরে চলা আলোচনা আপাতত ভক্তদের প্রত্যাশা ও সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ সিনেমার মধ্য দিয়ে জেমস বন্ড চরিত্রে ড্যানিয়েল ক্রেগের অধ্যায় শেষ হয়। এরপর থেকেই পরবর্তী বন্ড কে হবেন, তা নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে।
সূত্র: এনডিটিভি









