মিমি চক্রবর্তীর বিয়ের তারিখ ঠিক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের তারিখ ঠিক হয়েছে, এমন গুঞ্জনই এখন টালিউডে তুঙ্গে। ভারতীয় গণমাধ্যম ‘আজতাক বাংলার’ একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। সম্প্রতি কলকাতার বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে মিমির উপস্থিতি এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি, সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন মিমি। পেশায় তিনি একজন নৌবাহিনীর কর্মকর্তা।
৫ ডিসেম্বরের মূল অনুষ্ঠানের আগে নভেম্বরেই আইনি বিয়ে সেরে ফেলতে পারেন মিমি। এরপর ডিসেম্বরের শুরুতে পাহাড়ের কোলে বসবে বিয়ের আসর। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে আসছে কালিম্পংয়ের নাম। ইতিমধ্যে আত্মীয়স্বজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছানোর কথাও শোনা যাচ্ছে।









