logo

কাটছাঁট করে প্রকাশ পেল সালমানের ‘মাতৃভূমি’-এর ট্রেলার

কাটছাঁট করে প্রকাশ পেল সালমানের ‘মাতৃভূমি’-এর ট্রেলার
সালমান খান। ছবি: প্রকাশিত ট্রেলারের ভিডিও থেকে নেওয়া

প্রকাশ পেয়েছে বলিউড ভাইজান সালমান খানের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার। ৪ মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলারে টানটান চিত্রনাট্যের ঝলক মিলছে, সেই সঙ্গে রয়েছে বেশ কিছু দুর্ধর্ষ ফাইট সিকোয়েন্সের পূর্বাভাসও। খবর: দ্য ওয়াল

কখনও বেজিংয়ের চরম আপত্তি, আবার কখনও সিনেমার নাম বদল—এ যাবৎ নানাবিধ জটিলতা ও টালবাহানার মধ্য দিয়ে যেতে হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-কে। মূল শিরোনাম ‘ব্যাটেল অব গালওয়ান’ থেকে নাম বদলে ‘মাতৃভূমি’ রাখার এই লড়াইয়ে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতেও বেশ বেগ পেতে হয়েছিল নির্মাতাদের। তবে অবশেষে সমস্ত বাধা কাটিয়ে আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সালমনের এই সিনেমা। এরপর মঙ্গলবার ট্রেলার প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত ভাইজান ভক্তরা।

ট্রেলারে সালমনকে তার চেনা অবতাবরেই খুঁজে পেয়েছেন দর্শকরা। অ্যাকশন, দেশপ্রেম, দায়িত্ববান বাবা কিংবা রোম্যান্টিক স্বামী লুকে ধরা দিয়েছেন তিনি। তবে বহুমুখী চরিত্রের এই রূপায়ণ সালমনের অভিনয়ে কতটা ফুটে ওঠে, সেটাই এখন দেখার বিষয়। ট্রেলারের ইঙ্গিত অনুযায়ী, সিনেমায় ক্যাপ্টেন বিকুমাল্লা সন্তোষ বাবুর নেতৃত্বে গুটিকয়েক ভারতীয় সেনা জওয়ান কীভাবে হাজার হাজার চীনা ফৌজের বিরুদ্ধে লড়াইয়ে নেমে মাতৃভূমির সম্মান রক্ষা করবেন, সেটিই গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। ট্রেলারে খুব বেশি নাটকীয়তার বাড়বাড়ন্ত না থাকলেও এর ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ প্রশংসনীয়। পাশাপাশি, সালমনের বিপরীতে স্ত্রীর ভূমিকায় প্রথম ঝলকেই নজর কেড়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। এখন বক্স অফিসে দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে ভাইজানের ‘মাতৃভূমি’, সেটাই দেখার অপেক্ষা।

গত বছর ২৭ ডিসেম্বর ভারতীয় সেনাজওয়ানের জয়গান গেয়ে বহু প্রতীক্ষিত এই ছবির টিজার প্রকাশ্যে এনেছিলেন সালমান খান। আর সেই ঝলক সামনে আসতেই হুংকার ছেড়েছিল শি জিনপিংয়ের চিন সরকার। ছবির ট্রেলারে ভারতীয় সুপারস্টারের হাতে চিনা লাল ফৌজ নিধনের দৃশ্য দেখে বেজিং মারাত্মক ফুঁসে উঠেছিল। চিনের দাবি ছিল, ‘বিকৃত তথ্যের সিনেমা দেখিয়ে ভারত জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে এবং চিনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে।’ শুধু তাই নয়, চিনা সংবাদমাধ্যমে সালমানের এই সিনেমাকে ভারতের জাতীয়তাবাদ উসকানির ‘অস্ত্র’ বলেও কটাক্ষ করা হয়েছিল।

চিনের এই তীব্র আপত্তির মুখে পড়ে ছবিটিকে শুরুর দিকে এনওসি দিতে রাজি হয়নি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফলস্বরূপ, সিনেমার প্রায় ৪০ শতাংশ দৃশ্য নতুন করে শুট করতে বাধ্য হন সালমান।