logo

সাভারে দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

সাভারে দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
সাভারের হেমায়েতপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : এশিয়া পোস্ট

বেতন বৃদ্ধির দাবিতে সাভারের হেমায়েতপুরে দিনভর দফায় দফায় বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে সাভার ও আশুলিয়ার অন্তত ২২টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে শুরু হওয়া শ্রমিক অসন্তোষ দুপুরেও ছড়িয়ে পড়ে। বিকেলে পদ্মার মোড় এলাকায় শ্রমিকেরা আবারও জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছবি : এশিয়া পোস্ট
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিলেও সকাল ১০টার পর হেমায়েতপুরের কয়েকটি কারখানায় কাজ বন্ধ করে অসন্তোষ প্রকাশ শুরু করেন। পরে ছুটি ঘোষণা করা হলে এ কে এইচ গ্রুপ, ববস গার্মেন্টসসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। তারা অন্য কারখানা বন্ধের চেষ্টা করেন এবং যমুনা গার্মেন্টসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

একপর্যায়ে শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এটি ছিল দিনের প্রথম দফার সংঘর্ষ।

পরে দুপুর ৩টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শ্রমিকেরা আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, হেমায়েতপুরের ম্যাক্স গার্মেন্টসের সামনে চার থেকে ৫০০ শ্রমিক জড়ো হয়েছিলেন। তাদের ছত্রভঙ্গ করতে সেখানে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। ওই এলাকায় এখনও লোকজন রয়েছেন এবং মাঝেমধ্যে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভার ও আশুলিয়ার অন্তত ২২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিকেলে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হেমায়েতপুর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শতাধিক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট