এক বছরে দুইবার ডেঙ্গু, হাসপাতালে ছটফট করছে শিশু আব্দুল্লাহ

পাঁচ বছরের শিশু আব্দুল্লাহ। চলতি বছর দ্বিতীয়বারের মতো ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে শিশুটি। চিকিৎসা নিচ্ছে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার বাবা ফয়সাল আহমেদ জানালেন, সন্তানকে নিয়ে ছয় দিন ধরে হাসপাতালে আছেন। এর আগে এ বছরের গোড়ার দিকেও একবার ডেঙ্গু হয় আব্দুল্লাহর।
ফয়সাল আহমেদ জানান, হাসপাতালে ছয় দিন শুয়ে বসে থাকতে থাকতে এখন অস্থির হয়ে উঠেছে আব্দুল্লাহ। কোনোভাবেই বিছানায় থাকতে চাইছে না।
সরেজমিনে সোমবার (৯ নভেম্বর) হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুটিকে শান্ত করতে বাবা আর চাচা মিলে তাকে নিয়ে হাসপাতাল কম্পাউন্ডে পায়চারি করছেন। কখনও স্যালাইন হাতে নিজেই হাঁটছে আব্দুল্লাহ।
ক্ষুদ্র ব্যবসায়ী ফয়সাল আহমেদ ঢাকার সবুজবাগ এলাকার বাসিন্দা। তিনি বলেন, মাস তিনেক আগে ডেঙ্গুতে আক্রান্ত হই। একপর্যায়ে অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হয় আমাকে। সুস্থ হয়ে ফেরার এক মাসের ব্যবধানে ফের ডেঙ্গুতে আক্রান্ত হই।
ওই ঘটনার রেশ না কাটতেই এবার দ্বিতীয় দফায় ডেঙ্গুতে আক্রান্ত ফয়সাল আহমেদের ছেলে আব্দুল্লাহ। ফয়সাল এশিয়া পোস্টকে বলেন, আমি বড় মানুষ, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় তেমন কিছু হয়নি। কিন্তু ও তো একেবারে ছোট। একটা কোলের শিশু দুইবার ডেঙ্গুতে আক্রান্ত হলে কিছু থাকে? আজ ছয় দিন ধরে হাসপাতালে ভর্তি। জ্বরের পাশাপাশি বমি হওয়ায় এখানে নিয়ে এসেছি। ছেলেটার এখন কিছুই ভালো লাগছে না। সুস্থ হয়ে বাড়িতে ফিরলেই বাঁচি।
ডেঙ্গুর ভুক্তভোগী একা ফয়সাল আহমেদের পরিবার নয়। শুধু রাজধানীর মুগদা মেডিকেলেই চিকিৎসা নিচ্ছেন শতাধিক রোগী। সরেজমিনে দেখা যায়, আট তলায় ডেঙ্গুতে আক্রান্ত শিশুরা এবং ১১ ও ১২ তলায় প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীরা চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপে শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিন ফ্লোর মিলিয়ে ১৯২ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

পুরুষ ওয়ার্ডে সোমবার দুপুর পর্যন্ত ১১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে অন্তত ১০ জনের সঙ্গে কথা বলেন এ প্রতিবেদক। এর মধ্যে চারজনই জানান, চলতি বছর এ নিয়ে দ্বিতীয় দফায় আক্রান্ত হয়েছেন তারা।
প্রথমবারের জটিলতা দ্বিতীয়বারও প্রায় কাছাকাছি বলে জানান রোগীরা। তবে দ্বিতীয়বার আক্রান্ত হলে রোগীরা দ্রুত দুর্বল হয়ে পড়ছেন, রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছে।
নেত্রকোনা থেকে আসা মোকছেদুল ইসলাম (২৭) বলেন, চলতি বছরের জুনে প্রথম ডেঙ্গু ধরা পড়ে। সাত দিন আগে জ্বর ও বমি শুরু হলে স্থানীয় দোকান থেকে ওষুধ এনে খাই। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। পরে ডেঙ্গু পরীক্ষা করালে পজিটিভ আসে। এরপর প্লাটিলেট ৪৮ হাজারে নেমে গেলে গত শনিবার (৭ নভেম্বর) এখানে ভর্তি হই। এখন কিছুটা উন্নতি হয়েছে।
রোগীদের দাবি, প্রয়োজনীয় স্যালাইন প্রায়ই বাইরে থেকে কিনতে হয়। এমনকি পেটব্যথা থামাতে দরকারি ইনজেকশনও কিনতে হচ্ছে। নার্সদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়ার অনুরোধ রোগীর স্বজনদের।
ডেঙ্গু নিয়ে গত শনিবার থেকে এ হাসপাতালে চিকিৎসাধীন ছয় বছরের মোসাফফা। সোমবার সকাল পর্যন্ত তাকে চারটি স্যালাইন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হাসপাতাল থেকে দিলেও তিনটি বাইরে থেকে কিনতে হয় বলে জানান শিশুটির মা সাবিকুন নাহার। এশিয়া পোস্টকে তিনি বলেন, মেয়ের শুরুতে জ্বর ও বমি ছিল। শ্বাস নিতে কষ্ট হতো। তিন দিন ধরে এখানে চিকিৎসা নিলেও হাসপাতাল থেকে মাত্র একটা স্যালাইন দিয়েছে। এমনকি ব্যথার ইনজেকশনও কিনে আনতে হয়েছে।
নার্সদের আচরণ নিয়ে ক্ষোভ জানিয়ে সাবিকুন নাহার বলেন, নার্সরা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ দুইবার আসেন। বাচ্চার অবস্থা খারাপ হলে ডাকলেও আসেন না। এমনকি স্যালাইন হাতে নিয়েই তাদের টেবিলে যেতে বলেন।
তবে নার্সরা বলছেন, বিপুলসংখ্যক রোগী সামলানোর মতো পর্যাপ্ত লোকবল না থাকায় প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়া সম্ভব হয় না।
রোগীর চাপ সামলাতে ভর্তি নেওয়ার ক্ষেত্রেও বাছাই করতে হচ্ছে। যাদের অবস্থা তুলনামূলক বেশি জটিল, কেবল তাদেরই ভর্তি করানো হচ্ছে। নবজাতক ওয়ার্ডের দায়িত্বে থাকা ডা. মোহাম্মদ আরেফিন এশিয়া পোস্টকে বলেন, ডেঙ্গু নিয়ে আসা রোগীদের চাপ এখনও ঊর্ধ্বমুখী। অধিকাংশই জ্বরের সঙ্গে রক্তবমি নিয়ে আসছে, আবার একেবারে শকে চলে যাওয়া অবস্থায়। তারপরও ১০ জন রোগী এলে সর্বোচ্চ অর্ধেককে ভর্তি করানো যাচ্ছে। বাকিদের পরামর্শ দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে।












