হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও ১ হাজার ১৭০ জন আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬০ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১৮ হাজার ৭৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে দেশে মোট ১ লাখ ৫৪ হাজার ৭৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এ ছাড়া এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ শিশু।



