logo

বিয়ের নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক হচ্ছে

বিয়ের নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক হচ্ছে
ছবি: সংগৃহীত

বাল্যবিবাহ বন্ধে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে প্রচলিত কাগজের সনদের পরিবর্তে বাধ্যতামূলকভাবে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহারের নিয়ম চালু করতে যাচ্ছে সরকার। কাগজের সনদ জালিয়াতি করে অপ্রাপ্তবয়স্ক বর-কনের আসল বয়স লুকানোর প্রবণতা বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এ তথ্য জানান।

সংসদে মন্ত্রী জানান, ইউনিসেফ ও ইউএনএফপিএর কারিগরি সহায়তায় ইতিমধ্যে বাল্যবিবাহ নিরোধ আইনের নতুন খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। প্রস্তাবিত এই সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতির’ সুযোগ নিয়ে বাল্যবিয়ে দেওয়ার যে আইনি ফাঁকফোকর ছিল, তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

সংশোধনীটি পাস হলে সনাতন বা ম্যানুয়াল পদ্ধতির কাগজের সনদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। বিবাহ নিবন্ধনের জন্য বাধ্যতামূলকভাবে সরকারি অনলাইন ডাটাবেজের ডিজিটাল রেকর্ড যাচাই করতে হবে।

মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, দেশের অনেক এলাকায় এখনও ধর্মীয় রীতিনীতি মেনে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই বিয়ে সম্পন্ন হচ্ছে। এর ফলে বাল্যবিয়ের সঠিক নজরদারি করা এবং আইন প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে।

বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি পুরোপুরি নির্মূল করতে কেবল আইনের কড়াকড়িই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের একযোগে সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।