logo

বিএনপি রাতের অন্ধকারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: শাহে আলম

বিএনপি রাতের অন্ধকারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: শাহে আলম
ডিএনসিসি আয়োজিত দিনব্যাপী ডেঙ্গু জ্বর প্রতিরোধ সচেতনতা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মীর শাহে আলম। শনিবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে। ছবি: এশিয়া পোস্ট

বিএনপি বিনা ভোটে বা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় রাষ্ট্র পরিচালনা করতে বিশ্বাস করে এবং অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।

​

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত দিনব্যাপী ডেঙ্গু জ্বর প্রতিরোধ সচেতনতা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

​প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। বিগত সাত মাসে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ হিসেবে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিন্দুমাত্র জনগণের স্বার্থবিরোধী কাজ বরদাশত করা হবে না।

​সম্প্রতি ঠাকুরগাঁও-১ এ সম্পন্ন হওয়া উপনির্বাচনের ফলাফলের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণ অসংগঠিত রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। অনৈতিক কর্মকাণ্ড দিয়ে অপশাসন ঢাকার চেষ্টা করা রাজনৈতিক দলগুলোকে দেশের জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে।

​বিএনপিকে একটি দায়িত্বশীল দল হিসেবে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, সরকারের যে কোনো ব্যর্থতা বা বিদ্যুৎ লোডশেডিংয়ের মতো ইস্যুতে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা পেশ করেন- এটিই বিএনপির সততা ও অন্যান্য দলের সঙ্গে মূল পার্থক্য।

​

জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ পানীয় সরবরাহ, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ, বৃক্ষরোপণ এবং বাসযোগ্য ঢাকা গড়ার যে প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, তার ওপর ভিত্তি করেই আগামী দিনে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের আবারও নির্বাচিত করবে।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

​দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে আগত নগরবাসীদের ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পরীক্ষার পাশাপাশি স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, ইপিআই, পরিবার পরিকল্পনা, অসংক্রামক ব্যাধি (এনসিডি) ও পুষ্টি সেবা দেওয়া হয়। এ ছাড়া সাধারণ চিকিৎসার পর রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট