২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিন শিক্ষার্থীদের হাতে পরবর্তী শ্রেণির নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ২৪ ডিসেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। শিক্ষার্থীরা ফলাফলের পাশাপাশি পরবর্তী শ্রেণির নতুন বই নিয়ে বাড়ি ফিরবে। ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই পৌঁছে গেছে। মাধ্যমিক পর্যায়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে যাবে।
নতুন বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, এবার উন্নত মানের বই ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বই সহজে নষ্ট না হয়। কোনো বইয়ের ছাপা কিংবা কাগজের মান নির্ধারিত মান অনুযায়ী না হলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না।
শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পোশাক, জুতা-মোজা, শিক্ষকদের ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত দুটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া সুবিধার আওতায় আনা হবে। পাশাপাশি মাদ্রাসাগুলোতেও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন করা হবে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকী উল্লাহ ফরিদ, ভিপি মাসুমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গজারিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।






