ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি

ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিভিন্ন যানবাহনে এ তল্লাশি চালাচ্ছে সিরাজদিখান থানা পুলিশ।
চেকপোস্টে মহাসড়কে চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন শনাক্তকরণ, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সড়কে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালিত হচ্ছে। পুলিশের এ তৎপরতা অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখা, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। মহাসড়কে যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, সন্দেহজনক যানবাহনে তল্লাশি ও অপরাধ দমনে নজরদারি আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা ও মহাসড়কে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।





